মাদারীপুরের কালকিনি উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসানকে আওয়ামী লীগের একটি অনুষ্ঠানে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে হাততালি ও স্লোগান দিতে দেখা গেছে।
সোমবার (৬ অক্টোবর) দুপুরে মাদারীপুরের কালকিনি পৌরসভা কার্যালয়ের সামনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভায় এ দৃশ্য দেখা যায়।
মাদারীপুর - ৩ আসনের সংসদ সদস্য আব্দুস সোবাহান মিয়া গোলাপ স্লোগান দিলে তার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীরাও স্লোগানে তাল মেলান। সঙ্গে সঙ্গে অনুষ্ঠানের মঞ্চের প্রথম সারিতে থাকা কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসানকে হাততালি ও স্লোগান দিতে দেখা যায়। এই ঘটনার পরে অনেকেই ক্ষোভ জানিয়েছেন। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে পুরো জেলা জুড়ে তীব্র সমালোচনার ঝড় বইছে।
প্রজাতন্ত্রের কর্মচারী হয়ে কোনো দলীয় কর্মসূচীতে মঞ্চে উঠে স্লোগান ও হাততালি দেওয়া যায় কিনা এমন প্রশ্নে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান জানান, আইন আপনি দেখেন। স্থানীয় সংসদ সদস্যের অনুষ্ঠানে থাকা কোনো অন্যায় না।
নাজমুল হাসান বলেন, সংসদ সদস্যের কর্মসূচীতে গিয়ে তার নিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য যেতে হয়। মঞ্চে উঠা ও স্লোগান দেওয়া প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে এগুলো নিষেধ কি না তিনি জানেন না। তিনি সাংবাদিককে আইন দেখে নিতে বলেন।
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কর্মী সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং মাদারীপুর- ৩ (কালকিনি-ডাসার) সংসদ সদস্য ড. আব্দুস সোবাহান মিয়া গোলাপ।
এ বিষয়ে সচেতন নাগরিক কমিটি (সনাক) সভাপতি ইয়াকুব খান শিশির বলেন, একজন প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীর এমন আচরণ কাম্য নয়। তার নিরপেক্ষ থাকাটা জরুরি বলে মনে করি। বিষয়টি আমলে নেয়া দরকার।
মাদারীপুরের পুলিশ সুপার মাসুদ আলম বলেন, বিষয়টি আমার জানা নেই। ভিডিও পেলে, দেখে বলতে পারব আসলে বিষয়টি কি ঘটেছিল। ঘটনা সত্যি হলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কর্মী সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং মাদারীপুর- ৩ (কালকিনি-ডাসার) সংসদ সদস্য ড. আব্দুস সোবাহান মিয়া গোলাপ।
এসময় উপস্থিত ছিলেন কালকিনি পৌর মেয়র এস এম হানিফ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আবুল বাসার, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল মামুন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরদার লোকমান হোসেন,উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মনিরুজ্জামান, সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।