ট্রেনের ধাক্কায় ইউপি চেয়ারম্যান কাটা পড়ে স্টেশন মাস্টারের মৃত্যু

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে গতকাল মঙ্গলবার চলন্ত ট্রেনে উঠতে গিয়ে আবদুস সোবহান মিয়া (৬৫) নামের এক স্টেশন মাস্টারের মৃত্যু হয়েছে। একই দিনে যশোরের ঝিকরগাছায় রেলের ধাক্কায় গদখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাজাহান আলী মোড়ল (৬০) নিহত হন।

মহিমাগঞ্জে নিহত সোবহান মিয়ার বাড়ি গাইবান্ধা শহরের কুঠিপাড়া এলাকায়। মহিমাগঞ্জ রেল স্টেশনের স্টেশন মাস্টার সোহাগ খান বলেন, সোবহান মিয়া চাকরি শেষে চুক্তিভিত্তিক মহিমাগঞ্জ স্টেশনের দায়িত্বে কর্মরত ছিলেন। মঙ্গলবার স্টেশন থেকে বাড়ি যাওয়ার উদ্দেশে আন্তঃনগর করতোয়া এক্সপ্রেস ট্রেনে উঠতে যান। ট্রেনটি ছেড়ে দিলে সোবহান দ্রুত ট্রেনে উঠতে যান। এ সময় পা ফসকে ট্রেনের নিচে পড়ে গেলে তার ডান হাত ও একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দুপুর ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

যশোরের গদখালী ইউপির সদস্য নুর হোসেন জানান, ভোরে হাঁটতে বেরিয়েছিলেন চেয়ারম্যান শাহাজাহান আলী। বেনাপোলগামী বেতনা এক্সপ্রেস ট্রেনটি গদখালীর সৈয়দপাড়ায় তাকে ধাক্কা দিলে ছিটকে পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।