আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ‘টাইমড আউট’র ঘটনায় বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসানকে নিয়ে বিরূপ মন্তব্য করায় ক্রিকেটের ধারাভাষ্য তালিকা থেকে পাকিস্তানের সাবেক ক্রিকেটার ওয়াকার ইউনিসের নাম প্রত্যাহার প্রশ্নে রুল দিয়েছে উচ্চ আদালত। আন্তর্জাতিক ক্রিকেটের ধারাভাষ্যের তালিকা থেকে ওয়াকারের নাম প্রত্যাহারে আইসিসিতে অভিযোগ করতে কেন নির্দেশনা দেওয়া হবে না রুলে তা জানতে চেয়েছে হাইকোর্ট। এ সংক্রান্ত এক রিট আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ রুল দেয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও সংস্থাটির সভাপতিকে রুলের জবাব দিতে বলেছে আদালত। আগামী ১৯ নভেম্বর রুল শুনানির জন্য ধার্য করেছে হাইকোর্ট।
গত মঙ্গলবার দেশের একটি শীর্ষ দৈনিকের খেলার পাতায় সাকিবকে নিয়ে করা একটি নিবন্ধ যুক্ত করে হাইকোর্টে রিট আবেদনটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী এ বি এম ওয়ালিউর রহমান। গতকাল এটি কার্যতালিকায় এলে শুনানি হয়। আবেদনের পক্ষে ওয়ালিউর নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।
অ্যাডভোকেট ওয়ালিউর দেশ রূপান্তরকে বলেন, একজন ধারাভাষ্যকার হিসেবে ওয়াকার ইউনিস যে ভাষায় সমালোচনা করেছেন সেটি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। তিনি শ্রীলঙ্কার পক্ষপাতিত্ব করেছেন। যেটি তিনি করতে পারেন না। এসব যুক্তিতে আবেদনটি করেছি। আদালত রুল দিয়েছে।’