দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করলেই লাগাতার হরতাল-অবরোধ কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে বাম গণতান্ত্রিক জোট। গতকাল বুধবার রাজধানীর পুরানা পল্টনে মুক্তি ভবনে সংবাদ সম্মেলনে বাম গণতান্ত্রিক জোট এ হুঁশিয়ারি দেয়।
দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে জোটের সমন্বয়ক ইকবাল কবীর জাহিদ বলেন, একতরফা নির্বাচনের তফসিল ঘোষণা করা হলে ওইদিনই বামজোট দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ করবে। পরদিন থেকে লাগাতার হরতাল-অবরোধসহ কঠোর কর্মসূচি পালন করবে।
তিনি বলেন, সংবিধানের নির্ধারিত সময়সীমা অনুযায়ী দেশে এখন নির্বাচনকালীন সময় চলছে। গত ২৯ অক্টোবর থেকে আগামী ২৯ জানুয়ারির মধ্যে নির্বাচন হওয়ার কথা। নির্বাচন কমিশনের পক্ষ থেকেও চলতি নভেম্বর মাসের মাঝামাঝি তফসিল ঘোষণা এবং জানুয়ারিতে ভোটগ্রহণের কথা বলা হচ্ছে। কিন্তু নির্বাচনের গ্রহণযোগ্য পরিবেশ সৃষ্টি করতে সরকার ও নির্বাচন কমিশন ব্যর্থ হওয়ায় সুষ্ঠু নির্বাচন অসম্ভব হয়ে পড়েছে। নির্বাচন সামনে রেখে সরকার জনমত ও বিরোধী দলগুলোর দাবি উপেক্ষা করে সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করছে, যা নির্বাচনের পরিবেশ বিঘিœত করে নির্বাচনকে অনিশ্চিত করে তুলেছে।
বামজোটের এ নেতা বলেন, অধিকাংশ রাজনৈতিক দলকে বাইরে রেখে যেকোনোভাবে গায়ের জোরে একতরফা নির্বাচন করার অর্থ হবে রাজনৈতিক সহিংসতা জিইয়ে রাখা। এর ফলে অর্থনীতি, রাজনৈতিক পরিবেশ ও সামাজিক শৃঙ্খলা বিনষ্ট হবে।