জনপ্রিয় কৌতুক অভিনেতা ব্রহ্মানন্দমের কী হয়েছে?

কমেডি ব্রহ্মা— নামটিই দর্শকদের জন্য যথেষ্ট। একসয় দক্ষিণী ইন্ডাস্ট্রির প্রায় প্রতিটি ছবিতেই দেখা যেত তাকে। হাজারেরও বেশি ছবিতে অভিনয় করে রেকর্ড গড়েছিলেন কমেডি কিং ব্রহ্মানন্দম। দক্ষিণী ইন্ডাস্ট্রির এমন কোনও সুপারস্টার নেই, যার সঙ্গে কাজ করেননি ব্রহ্মানন্দম।

জনপ্রিয়তার দিক থেকে অনায়াসে গোল দিয়ে চলেছেন তাবড় তাবড় দক্ষিণী অভিনেতাদের। পারিশ্রমিকের দিক থেকেও এগিয়ে অনেকের চেয়ে তিনি। তবে একসময় ভীষণ স্ট্রাগল করতে হয়েছে ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম রত্নকে। 

ব্রহ্মানন্দম জন্ম অন্ধ্রপ্রদেশের সত্যেনাপল্লীতে। পুরো নাম কান্নেগান্তি ব্রহ্মানন্দম। ১৯৮৭ সালে জয়ন্ধালা পরিচালিত ‘আহা না-পেলান্তা!’ ছবি দিয়েই কেরিয়ারের শুরু। এর আগে একটি বেসরকারি কলেজে অধ্যাপনার কাজ করতেন। অধ্যাপনা করার সময়েও ছাত্রছাত্রীদের সঙ্গে রসিকতা করতেন তিনি। 

২০০৯ সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত করে। এছাড়াও অসংখ্য ফিল্ম ফেয়ার পুরস্কার পেয়েছেন তিনি।

সম্প্রতি হুইল চেয়ারে বসে থাকা তার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিটির ক্যাপশনে লেখা 'আওর হিরো ইজ গেটিং ওল্ড'!