বিশ্বকাপে নিউজিল্যান্ডের শুরু হয়েছিল স্বপ্নের মতো। টানা চার ম্যাচে তারা জয় পেয়েছিল। কিন্তু তারপর হেরেছে টানা চার ম্যাচে। প্রথমে পয়েন্ট তালিকার শীর্ষে থাকলেও এখন সেমিফাইনালে খেলার সম্ভাবনাই ঝুলে আছে। আজ বেঙ্গালুরুতে শ্রীলঙ্কার বিপক্ষে জিততেই হবে তাদেরকে। নাহলে স্বপ্নের ‘সমাধি’ হয়ে যেতে পারে।
কিন্তু বেঙ্গালুরুতে প্রকৃতিও বাধা হয়ে দাঁড়াতে পারে তাদের জন্য। এই বেঙ্গালুরুতেই ছয় দিন আগে পাকিস্তানের কাছে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডিএলএস আইনে হেরেছে নিউজিল্যান্ড। আজও আছে বৃষ্টির পূর্বাভাস। সেই বৃষ্টি যদি আজ পুরো ম্যাচই ভাসিয়ে নিয়ে যায়, তবে ভাগ্য আর নিজেদের হাতে থাকবে না নিউজিল্যান্ডের। সে ক্ষেত্রে পাকিস্তান কিংবা আফগানিস্তান নিজেদের শেষ ম্যাচ জিতলেই নিউজিল্যান্ডের ওপরে চলে যাবে।
আবহাওয়ার মতিগতিতে যেহেতু কারও হাত নেই, কিউইরা ভাবছে শুধু মাঠের ক্রিকেট নিয়েই। দলের অধিনায়ক কেইন উইলিয়ামসন কাল সংবাদ সম্মেলনে বলেছেন, ‘অনেক কিছুইই আমরা নিয়ন্ত্রণ করতে পারব না, আবহাওয়া তার একটি। আপনি বলেছেন কিছুটা দুশ্চিন্তা থাকতে পারে, অবচেতন মনে এটা কাজ করতে পারে। কিন্তু দিন শেষে আমাদের দৃষ্টি ক্রিকেটেই থাকবে, সব মনোযোগ ও শক্তি সেখানেই দিতে চাই।’
নিউজিল্যান্ড আজ মাঠে নামাতে পারে লকি ফার্গুসনকে। চোটের কারণে পাকিস্তানের বিপক্ষে আগের ম্যাচটি খেলতে পারেননি এই ফাস্ট বোলার। দলে ঢুকতে টিম সাউদির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে তাকে। অলরাউন্ডার কাইল জেমিসনও থাকতে পারেন একাদশে।
চ্যাম্পিয়নস ট্রফিতে জায়গা করে নেওয়ার লড়াইয়ে থাকা শ্রীলঙ্কা মাঠে নামাতে পারে বাংলাদেশের বিপক্ষে খেলা একাদশকেই। দলের সহকারী কোচ নাভিদ নেওয়াজ বললেন সেরা খেলাটাই খেলতে চায় তাঁর দল, ‘আমাদের জিততে হবে ম্যাচটা। আশা করছি ছেলেরা মাথা উঁচু রেখে সেরা খেলাটাই খেলবে আজ।’