সিরিজ জয়ের আশায় জ্যোতিরা

হার দিয়ে শুরু হয়েছিল সিরিজ। পরের ম্যাচেই ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। সুপার ওভারের রোমাঞ্চ ছড়িয়ে তারা হারায় পাকিস্তানকে। তাতে আসে সমতা। আজ দুই দলের সামনেই সিরিজ জয়ের মিশন। তাই ম্যাচটি যেন অঘোষিত ফাইনাল। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম সেটা জিতেই মাঠ ছাড়তে চান টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

গতকাল ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক জ্যোতি জানিয়েছেন, ভারত ম্যাচের মতো একই রকম ফল দেখতে চান না তিনি। তিনি বলেছেন, ‘ড্র নয়, আমাদের অনেক বড় সম্ভাবনা আছে সিরিজ জেতার। সবকিছু নির্ভর করছে আমাদের ইতিবাচক ক্রিকেট খেলার ওপর। আমরা চাই সেটা খেলেই সিরিজ জিততে। এটা অনেক বড় অর্জন হবে, যদি আমরা সিরিজটা নিতে পারি।’

শেষ ম্যাচ নিয়ে জ্যোতির ভাবনা পরিষ্কার। জিততে চান ম্যাচটা। বাংলাদেশ অধিনায়ক বললেন, ‘প্রথমত কাল (আজ) একদম একটা নতুন আরেকটা দিন। মহান আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া, কারণ আমাদের একটা সুযোগ করে দিয়েছেন। যেভাবে আমরা গত ম্যাচে জিতেছি, অবশ্যই আমাদের জন্য অনেক বড় একটা সুযোগ থাকবে (সিরিজ জয়ের)। আরও ভালো ক্রিকেট খেলে পরবর্তী ম্যাচ জিতে যেন সিরিজটা নিশ্চিত করতে পারি।’

দীর্ঘ সময় ধরে বাংলাদেশ নারী ক্রিকেট দলের ব্যাটিং অর্ডারের ভঙ্গুর দশাও স্পষ্ট। জ্যোতির মতে, জিততে হলে ব্যাটিংয়ে ভালো করতে হবে তাদের, ‘অবশ্যই আমরা ব্যাটিংয়ে সংগ্রাম করছি। উইকেটে বেশি সময় থাকলেও রান পাচ্ছে না। টপ অর্ডার ভালো করলে মিডল অর্ডার ব্যর্থ হচ্ছে। আমাদের আরেকটু ভালো ব্যাটিং করতে হবে।’

এদিকে প্রথম ওয়ানডেতে জেতা পাকিস্তানেরও লক্ষ্য একই। সংবাদ সম্মেলনে এসে দলটির অধিনায়ক নিদা দারও জানিয়েছেন, তারা সিরিজ নিশ্চিত করতে চান।