মাত্র আড়াই শতক জমির জন্য প্রাণ হারালেন বৃদ্ধ

কুমিল্লার দাউদকান্দিতে জায়গা নিয়ে বিরোধের জেরে শামসুল হক (৭৫) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার(৯ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার মারুকা ইউনিয়নের নশিপুর গ্রামে এ ঘটনা  ঘটেছে। এঘটনার পর পুলিশ রাতেই দু'জনকে আটক করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বসতবাড়ির আড়াই শতক জায়গার দখল নিয়ে প্রতিবেশী কামাল মিয়ার সাথে শামসুল হকের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে দুই পক্ষের মধ্যে আদালতে মামলাও চলমান। বৃহস্পতিবার  সন্ধ্যায় শামসুল হককে বসতবাড়িতে একা পেয়ে কামাল মিয়া ও তার লোকজন হামলা করে বলে স্বজনরা জানান। আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথেই শামসুল হক মারা যান।

এ ঘটনায় কামাল মিয়া ও তার স্ত্রী জাকিয়া আক্তারকে নিজ বাড়ি থেকে রাতেই আটক করে পুলিশ। দাউদকান্দি মডেল থানার ওসি মো. মোজাম্মেল হক বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্বজন হত্যা মামলা করেছে। আটক কামাল মিয়া ও তার স্ত্রী জাকিয়া আক্তারকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।