দিনাজপুরের ফুলবাড়ীতে একই স্থানের পরপর তিনটি ট্রাক ও একটি পিকআপের সংঘর্ষে পিকআপের চালক ও হেলপার নিহত হয়েছে। শুক্রবার ভোর রাতে ফুলবাড়ী উপজেলার রাঙ্গামাটি বিজিবি ক্যাম্পের সামনে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— মিনি পিকআপ চালক নায়েব আলী (৪০) ও হেলপার শফিউজ্জামান (৪২)। চালক নায়েব আলী ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের মৃত ফয়েজ উল্লার ছেলে ও হেলপার শফিউজ্জামান একই জেলার বাঙ্গালীপাড়া গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দিনাজপুর থেকে ছেড়ে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বিজিবি ক্যাম্পের সামনে একটি গাছের সাথে ধাক্কা খায়, এ সময় একই দিক থেকে ছেড়ে আসা কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যান সামনে দাঁড়িয়ে থাকা ট্রাককে সজোরে ধাক্কা দেয়, এতে কাভার্ডভ্যানটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। একই সময়ে একই দিক থেকে আসা আরেকটি গম বোঝাই ট্রাক সামনের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে একই স্থানে এসে ওই কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দেয়। এ সময় একই দিক থেকে আসা একটি মুরগী বোঝাই পিকআপ ওই গম বোঝাই ট্রাকের পিছনে ধাক্কা দেয়। দুর্ঘটনায় এতে পিকআপের সামনের অংশ দুমড়ে মুচড়ে গিয়ে ও পিকআপের চালক নায়েব আলী ও হেলপার শফিউজ্জামানের ঘটনাস্থলে মৃত্যু হয়।
ফুলবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। প্রাথমিক তদন্ত শেষে মৃতদেহ গুলো পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
তিনি বলেন, দুর্ঘটনা কবলিত ট্রাক পিকআপ ও কাভার্ডভ্যান থানায় এনে রাখা হয়েছে। তবে চালক ও সহযোগীদের পাওয়া যায়নি। এ ঘটনায় সড়ক ও মোটরযান আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।