শীতের অতিরিক্ত ঠান্ডা থেকে রক্ষা পেতে অনেকেই জুতা ব্যবহার করেন। শীতে ত্বক দ্রুত আর্দ্রতা হারায়। যার প্রভাবে ত্বকে নানা ধরনের পরিবর্তন আসে। অনেকের পা ফাটা, ফ্রস্ট বাইট, নখ ওঠার মতো সমস্যা দেখা দেয়। এটি নিয়ে অনেকেই অস্বস্তিতে ভোগেন। শীতে পা ফাটার কারণ হিসেবে মোজা ও জুতাও দায়ী। তাই এক্ষেত্রেও সচেতন হতে হবে। বেছে নিতে হবে সঠিক মোজা ও জুতা।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, মানুষের শরীরের অন্যান্য অংশের তুলনায় পায়ের গোড়ালির ত্বক অনেক শক্ত। শীতের শুষ্কতা ও ধুলাবালির প্রকোপে গোড়ালি আরও শক্ত হয়ে যায়। ফলে পা ফাটার সমস্যা শুরু হয়। এজন্য সঠিক মোজা ও জুতা ব্যবহার করতে হবে।
বিশেষজ্ঞরা বলছেন, বাতাস চলাচল করে এমন কাপড় বা উলের মোজা ব্যবহার করা উচিত। মোজা খুলে ফেলার পর যদি খুব ফ্যাকাসে এবং কুঁচকে যাওয়া পায়ের আঙ্গুলের চিহ্ন দেখা যায়, তাহলে বুঝতে হবে মোজায় খুব বেশি আর্দ্রতা জমা হয়েছে। তাই এমন মোজা বেছে নিতে হবে যা পা উষ্ণ ও শুষ্ক রাখবে।
মোজার পাশাপাশি জুতাও হওয়া চাই আরামদায়ক। পা ঢাকা জুতো পরলে শুকনো বাতাসেও আর্দ্রতা হারাবে না গোড়ালি। এজন্য পা ফাটা কমাতে যতটা সম্ভব সামনে–পেছনে বন্ধ আছে, এমন জুতা পরতে হবে। ভেজা জুতা বা মোজা এড়িয়ে চলতে হবে।