চুয়াডাঙ্গায় শুরু হয়েছে গরু মেলা, থাকছে র‌্যাম্প শো

ঢাকা-চট্টগ্রামের পর এবার চুয়াডাঙ্গায় গরু মেলার আয়োজন করেছে বাংলাদেশ ডেইরি ফারমার্স অ্যাসোসিয়েশন (বিডিএফএ)। শুক্রবার বেলা ১১টায় জেলা শহরের টাউন ফুটবল মাঠে দুুুদিনের এই মেলার উদ্বোধন করা হয়।

মেলায় চুয়াডাঙ্গা, মেহেরপুর ও কুষ্টিয়া মিলে ত্রি-জেলার খামারিরা তাদের বিশেষ মানের গরু নিয়ে মেলায় অংশগ্রহণ করছেন।

জানা গেছে, এ মেলায় উঠেছে ২৫০টির মতো আকর্ষণীয় গরু। গরু কেনাবেচার পাশাপাশি খামারিরা একে অপরের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করছেন। থাকছে জমকালো র‌্যাম্প শো ও আকর্ষণীয় পুরস্কার। কম দামে গরুর সুষম খাদ্য তৈরি ও জাত উন্নয়ন বিষয়ক দুটি প্রশিক্ষণ পরিচালনা করবেন বিশেষজ্ঞরা। সারা দেশে ৫০ হাজারেরও বেশি খামারি বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের (বিডিএফএ) সদস্য। প্রতি বছর প্রাণী প্রদর্শনী ও খামারি সম্মেলনের আয়োজন ছাড়াও এ খাতের নানা দাবি নিয়ে সরব থাকে বিডিএফএ।

গরু মেলায় অংশগ্রহণকারী খামারিরা জানান, বর্তমানে বাংলাদেশে গো খাদ্যের দাম চড়া। অপরদিকে মাংসের দামও বেশি। তাই মাংসের দাম সহনীয় পর্যায়ে রাখতে দেশে গরুর উৎপাদন বাড়ানো প্রয়োজন।

মেলার উদ্বোধনকালে প্রধান অতিথি হিসেবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশীদ বলেন, মেলার মাধ্যমে সবাই গরুর বিভিন্ন জাত সর্ম্পকে জানতে পারবে। বাংলাদেশের মাংসের যে চাহিদা তা মেটানোর উদ্দেশ্যেই মেলার আয়োজন। এখান থেকে উদ্যোক্তা তৈরি হবে। বর্তমানে দেশে গোখাদ্যের দাম কমানোর জন্য সরকার কাজ করছে। প্রাণিসম্পদ খাতটা আরও কীভাবে বাড়ানো যায় সে লক্ষ্যে এই মেলা সহায়ক হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ ইমরান। এ সময় তিনি বলেন, প্রত্যন্ত অঞ্চলের ক্ষুদ্র খামারিদের সুখ-দুঃখ সেভাবে উঠে আসে না। এ মেলার মাধ্যমে খামারিরা নীতি-নির্ধারকদের কাছে তাদের সমস্যা তুলে ধরবেন। এ ছাড়া সারা দেশের খামারিদের সঙ্গে শক্ত মেলবন্ধন তৈরির জন্যই এমন আয়োজন করা হয়েছে। তৃণমূলের খামারিদের উৎসাহ দেওয়া, অভিজ্ঞতা বিনিময়, প্রশিক্ষণ এবং তাদের দুঃখ-দুর্দশা তুলে ধরতেই গরু মেলার আয়োজন করা হয়েছে।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মোহাম্মদ রেয়াজুল হক, চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা, পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন প্রমুখ।