যমজ শিশু কন্যাকে হারিয়ে নিঃসন্তান হলেন দম্পতি

সীতাকুন্ডে পানিতে ডুবে যমজ শিশু কন্যার মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১০ নভেম্বর) বিকেলে উপজেলা সোনাইছড়ি ইউনিয়নে কাজলী পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। মৃত সিনথিয়া (৪) ও স্নেহা (৪) একই এলাকার এরশাদের কন্যা।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকাল চারটার দিকে ঘর থেকে খেলতে বের হয় দুই বোন সিনথিয়া ও স্নেহা। এই সময় খেলার কোনো এক ফাঁকে বাড়ির পার্শ্ববর্তী নুর আলমের বাড়ির পুকুরে পড়ে দুই শিশুর মৃত্যু হয়। পরবর্তীতে তাদের কোথাও দেখতে না পেয়ে পরিবারের লোকজন আশেপাশে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে দুইজনকে ভাসতে দেখা যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত দুই শিশু কন্যার বয়স চার বছর।

বিষয়টি নিশ্চিত করে সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির আহমেদ বলেন, এটি অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক একটি ঘটনা। দুই শিশু কন্যার মৃত্যুর মধ্য দিয়ে এরশাদ দম্পতির ঘরে আর কোন সন্তান রইল না। শিশু সন্তানরা যতদিন সাঁতার না শিখবে পিতা-মাতার তাদের প্রতি আরও দায়িত্বশীল হওয়া উচিত।