পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলায় খালের পানিতে ডুবে রাইসা (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২ জুন) বিকেলে উপজেলার বলদিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উড়িবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাইসা উপজেলার ডুবি গ্রামের বাসিন্দা মো. আব্দুস কাইয়ুমের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাইসার মা রুমানা বেগম (২৫) অন্তঃসত্ত্বা হওয়ায় কয়েক দিন ধরে বাবার বাড়িতে অবস্থান করছিলেন। ঘটনার সময় তিনি ঘুমিয়ে ছিলেন। ঘুম থেকে উঠে মেয়েকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের খালে রাইসাকে ভাসতে দেখে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করেন।
পরে দ্রুত নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান আসাদ জানান, শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল।
এ বিষয়ে নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরিবারের অসচেতনতার কারণে শিশুটি খালে পড়ে যায় এবং পানিতে ডুবে মারা যায়। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না পাওয়ায় এ ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।’
নান্দাইলে ১৯ লাখ টাকা মূল্যের কারেন্ট জাল ধ্বংস