রাজধানীর মুগদার মান্ডায় পরকীয়ায় জড়িত সন্দেহে স্ত্রীকে শিল দিয়ে মাথায় আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর স্বামী শহিদুল ইসলাম রিয়াজকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। নিহতের নাম পিংকি (৩০)।
গতকাল শুক্রবার সকালে জাতীয় জরুরি সেবার নম্বর ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে মুগদা থানা পুলিশ মান্ডার কদমআলী ঝিলপাড় হাজী আব্দুল মজিদের বাড়ির ছয়তলা থেকে পিংকির মৃতদেহ উদ্ধার করে।
মুগদা থানার ওসি আব্দুল মজিদ বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে, কয়েক দিন যাবৎ তাদের মধ্যে কলহ চলছিল। স্ত্রী পরকীয়া করে এমন সন্দেহ স্বামীর। সকালে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার একপর্যায়ে রিয়াজ মসলা বাটার শিল দিয়ে স্ত্রী পিংকির মাথায় আঘাত করে। এতে সে ঘটনাস্থলেই মারা যায়।’
তিনি জানান, রিয়াজকে গ্রেপ্তার করা হয়েছে। বিস্তারিত আরও জানার চেষ্টা চলছে।
নিহত পিংকি বরিশালের গৌরনদী উপজেলার দক্ষিণ নাইটা গ্রামের আলমগীর হোসেনের মেয়ে।