মার্সেলো বিয়েলসা বললেন

মেসিকে আটকানোর কোনো সূত্র পৃথিবীতে নেই

লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে উরুগুয়ে। মে মাস থেকে দেশটির কোচের দায়িত্বে থাকা মার্সেলো বিয়েসলা নিজেও একজন আর্জেন্টাইন। ১৯৯৮ থেকে ২০০৪ পর্যন্ত আর্জেন্টিনার কোচ ছিলেন তিনি। তার অধীনেই ২০০২ বিশ্বকাপে অংশ নেন ওরতেগা-বাতিস্তুতারা। গুরুত্বপূর্ণ এই ম্যাচে মাঠে নামার আগে বলেছেন কীভাবে মেসিকে আটকানো যেতে পারে সেই উপায়।

আগামী ১৭ নভেম্বর উরুগুয়েকে ঘরের মাঠ লা বোম্বোনেরায় আতিথ্য দেবে আর্জেন্টিনা। এই ম্যাচকে সামনে রেখে আর্জেন্টিনার ২৮ জনের স্কোয়াডে আছেন ব্যালন ডি’অর জয়ী লিওনেল মেসি। ম্যাচের আগে বিয়েসলার কাছে জানতে চাওয়া হয় মেসিকে থামাতে তার পরিকল্পনা কী!

জবাবে এল লোকো বলেন, ‘মেসিকে আটকানোর কোনো সূত্র পৃথিবীতে নেই। আপনার তাকেই জিজ্ঞেস করতে হবে ভালো না খেলার জন্য কী করা যেতে পারে। হয়তো এটাই ফুটবলের জন্য ভালো। সব পরিকল্পনাকে পাশ কাটিয়ে পৃথিবীর সেরা ফুটবলার মাঠে তার পারফরম্যান্স দিয়ে উজ্জ্বল হয়ে থাকবেন।’

চার ম্যাচের চারটিতে জিতে টেবিলের শীর্ষে আছে আর্জেন্টিনা। দুই ম্যাচ জয়ে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে উরুগুয়ে।