মিশরে ব্রিটিশ দম্পতির মৃত্যুর কারণ ছারপোকা মারার ওষুধ

অবশেষ মিশরের রিসোর্টে ব্রিটিশ দম্পতির মৃত্যুরহস্য উন্মোচিত হলো। ২০১৮ সালে মিশরের অ্যাকুয়া ম্যাজিক হোটেলে তাদের রহস্যজনক মৃত্যু ঘটে। তদন্তে বেরিয়ে এসেছে জন কুপার (৬৯) এবং তার স্ত্রী সুজান রিসোর্টের যে কক্ষে ছিলেন সেটির পাশের কক্ষে ছারপোকা মারার ওষুধ স্প্রে করা হয়েছিল। তদন্তকারীদের বরাতে সংবাদমাধ্যম সিএনএন জানায়, সেখান থেকে বিষাক্ত কার্বন মনোক্সাইড ব্রিটিশ দম্পতির কক্ষে প্রবেশ করে এবং এই বিষাক্ত বায়ুতে শ্বাস নেওয়ায় তারা অসুস্থ হয়ে পড়েন। ওই কক্ষেই মারা যান জন এবং তার স্ত্রী মারা যান হাসপাতালে নেওয়ার পর।

যুক্তরাজ্যের ল্যাঙ্কাশায়ারের চিকিৎসক জেমস অ্যাডেলে মরদেহের তদন্ত বিশ্লেষণ করে ঘোষণা করেন, কুপার দম্পতির মৃত্যুর কারণ কার্বন মনোক্সাইড। তিনি জানান, তদন্তে জানা গেছে যেদিন তারা অসুস্থ হন সেদিন তাদের পাশের কক্ষে ছারপোকা মারার কীটনাশক স্প্রে করা হয়েছিল। ওই কক্ষের সঙ্গে কুপার দম্পতির কক্ষের একটি সংযোগকারী দরজা ছিল যার তলা দিয়ে বিষাক্ত বাতাস তাদের কক্ষে প্রবেশ করে। সেই বিষাক্ত কার্বন মনোক্সাইড ভরা বাতাসে শ্বাস নেওয়ায় তারা বিষক্রিয়ায় আক্রান্ত হন।

বাবা-মায়ের এমন অনাকাঙ্ক্ষিতভাবে মারা যাওয়াটা এখনো মানতে পারেন না তাদের মেয়ে কেলি অরমেরড। তিনি সিএনএনকে বলেন, ‘এরকম ঘটনা ঘটতে দেওয়াই উচিৎ হয়নি। আমরা সেই দিনটি থেকে যে কষ্ট বুকে ধারণ করে চলেছি তা কিছু দিয়েই দূর হওয়ার নয়। এমন অসতর্কতা-অবহেলায় আর কেউ বাবা মাকে যেন না হারায়।’