ব্রিটিশ রাজপরিবারের বাসভবনে চুরি, গ্রেপ্তার দুই

আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৪০ পিএম

ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স উইলিয়াম ও তাঁর স্ত্রী কেট মিডলটনের গ্রামীণ বাসভবনে চুরির ঘটনায় দুই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে পুলিশ। বুধবার তাঁদের বিরুদ্ধে চুরি ও অনধিকার প্রবেশের অভিযোগ আনা হয়। খবর রয়টার্স। 

অভিযুক্ত দুই ব্যক্তি হলেন ৩৪ বছর বয়সী মিরগেন দুকু ও ৩২ বছর বয়সী আরিলেন ন্দোসি। নরফোক পুলিশ জানিয়েছে, বসতবাড়িতে চুরির উদ্দেশ্যে প্রবেশ এবং সংরক্ষিত এলাকায় অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগ আনা হয়েছে তাঁদের বিরুদ্ধে। বুধবারই নরউইচ ম্যাজিস্ট্রেট আদালতে তাঁদের হাজির করার কথা রয়েছে।

পুলিশ জানায়, সোমবার রাতে ইংল্যান্ডের পূর্বাঞ্চলীয় নরফোক কাউন্টিতে রাজপরিবারের স্যান্ড্রিংহাম এস্টেটের একটি বাড়িতে সন্দেহজনক কর্মকাণ্ডের খবর পেয়ে তারা ঘটনাস্থলে যায়।

এর আগে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান জানিয়েছিল, রাজপরিবারের ওই এস্টেটের অ্যানমার হল নামের বাড়িতে চুরির ঘটনা তদন্ত করছে পুলিশ। ১০ শয়নকক্ষবিশিষ্ট বাড়িটি ২০১১ সালে বিয়ের উপহার হিসেবে প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথ প্রিন্স উইলিয়াম ও কেটকে দিয়েছিলেন।

পুলিশ জানিয়েছে, চুরির ঘটনা ঘটার সময় বাড়িটিতে কেউ ছিলেন না। ছুটি কাটানো ও অবকাশযাপনের জন্য উইলিয়াম ও কেট মাঝেমধ্যে এই বাড়ি ব্যবহার করেন। তবে তাঁদের স্থায়ী বাসভবন লন্ডনের পশ্চিমে উইন্ডসর ক্যাসল এস্টেটে।

এদিকে প্রিন্স উইলিয়ামের এক মুখপাত্র জানিয়েছেন, নিরাপত্তাসংক্রান্ত বিষয়ে তাঁরা কোনো মন্তব্য করবেন না।

সর্বশেষ সর্বাধিক পঠিত