চট্টগ্রাম থেকে ময়মনসিংহ পর্যন্ত চলাচলকারী আন্তঃনগর ট্রেন বিজয় এক্সপ্রেস এর স্টার্টিং পয়েন্ট ময়মনসিংহ স্টেশনেই রাখার দাবি জানিয়েছে ময়মনসিংহের নাগরিক সমাজ।
এ দাবিতে গতকাল শনিবার দুপুরে নগরীর গাঙ্গিনারপাড় মোড়ে জেলা নাগরিক আন্দোলন নাগরিক সমাবেশ কর্মসূচি পালন করে। একই দাবিতে দুপুরে ময়মনসিংহ প্রেস ক্লাবে জন উদ্যোগ নামে একটি সংগঠন সংবাদ সম্মেলন করেছে।
নাগরিক আন্দোলনের সমাবেশে বক্তারা বলেন, বিজয় এক্সপ্রেস ময়মনসিংহ থেকে জামালপুর নিয়ে যাওয়ার পরিকল্পনা চলছে। বিভাগীয় নগরী হিসেবে এটি মর্যাদাহানিকর। বক্তারা প্রয়োজনে চট্টগ্রাম-জামালপুর রুটে নতুন রেল চালুর প্রস্তাব দেন।
সমাবেশে বক্তব্য দেন নুরুল আমীন কালাম, ইয়াজদানী কোরায়শী কাজল, শিব্বির আহমেদ লিটন, আলী ইউসুফ প্রমুখ।
ময়মনসিংহ রেল স্টেশনের সুপারিনটেনডেন্ট নাজমুল হক খান বলেন, বিজয় এক্সপ্রেস জামালপুর পর্যন্ত যাবে কি না এ বিষয়ে তারা কোনো চিঠি পাননি। তবে অনেকের মুখে তিনিও বিষয়টি শুনেছেন।