কাশ্মীরে হাউজবোটে আগুন ৩ বাংলাদেশি নিহত

ভারতের জম্মু ও কাশ্মীরের রাজধানী শ্রীনগরের ডাল হ্রদে হাউজবোটে আগুন লেগে বাংলাদেশি তিন পর্যটকের মৃত্যু হয়েছে বলে স্থানীয় পুলিশ জানিয়েছে। গতকাল শনিবার ভোরে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

পুলিশ জানায়, ভোরে আগুন লেগে হ্রদে থাকা বেশ কয়েকটি হাউজবোট পুড়ে ছাই হয়ে যাওয়ার কয়েক ঘণ্টা পর মরদেহগুলো পাওয়া যায়। অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া সাফিনা হাউজবোটে ওই তিন বাংলাদেশি পর্যটক ছিলেন।

ফায়ার সার্ভিস ও পুলিশ জানায়, স্থানীয় সময় ভোর সোয়া ৫টা নাগাদ ডাল হ্রদের ৯ নম্বর ঘাটের কাছে একটি হাউজবোটে আগুন লাগলে তা দ্রুত অন্য হাউজবোটগুলোতেও ছড়িয়ে পড়ে। আগুনে অন্তত পাঁচটি হাউজবোট ভস্মীভূত হয়েছে এবং আরও কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে কয়েক কোটি টাকার সম্পদ নষ্ট হয়েছে।

আগুন লাগার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে পুলিশ জানিয়েছে। তদন্ত চলছে।

পর্যটকদের কাছে বরাবরই আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে ডাল হ্রদ। বহু পর্যটকই ডাল হ্রদে হাউজবোটে থাকেন। সেই হাউজবোটে অগ্নিকাণ্ডে স্বাভাবিকভাবেই উদ্বেগ ছড়িয়েছে। কয়েক দিন আগেই কাশ্মীরে মৌসুমের প্রথম তুষারপাত হয়েছে। এ নিয়ে অনন্দঘন পরিবেশের মধ্যেই ভূস্বর্গখ্যাত কাশ্মীরে এই অগ্নিকাণ্ডে পর্যটকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

গত বছর শ্রীনগরের নিগিন হ্রদে মাঝরাতে হাউজবোটে আগুন লেগেছিল। সেবার পুড়ে ছাই হয়েছিল সাতটি হাউজবোট। তবে পর্যটকদের নিরাপদে বোট থেকে বের করে আনা গিয়েছিল। সূত্র : এনডিটিভি, আনন্দবাজার পত্রিকা।