ঢাকায় ১৪ দিনে ১৩১ মামলা, গ্রেপ্তার ১৮১৩

২৮ অক্টোবর বিএনপি সমাবেশের পর থেকে গত ১৪ দিনে হরতাল ও অবরোধে নাশকতা ও সহিংসতার ঘটনায় ঢাকা মহানগরে ১৩১টি মামলা হয়েছে। এসব মামলায় প্রায় ১ হাজার ৮১৩ জন বিএনপির নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস এই তথ্য জানিয়েছে।

ওই বিভাগের উপকমিশনার ফারুক হোসেন জানান, রাজধানীতে ২৮ অক্টোবর ৬৯৬ জন, ২৯ অক্টোবর ২৫৬, ৩০ অক্টোবর ১৫৮, ৩১ অক্টোবর ১৪১, ১ নভেম্বর ৯৬, ২ নভেম্বর ৬০, ৩ নভেম্বর ৫৮, ৪ নভেম্বর ৩৭, ৫ নভেম্বর ৫২, ৬ নভেম্বর ৮২, ৭ নভেম্বর ৬০, ৮ নভেম্বর ৪১, ৯ নভেম্বর ৩৭ জন ও ১০ নভেম্বর ৩৯ জনকে গ্রেপ্তার করা হয়। এখন পর্যন্ত মোট গ্রেপ্তারের সংখ্যা ১ হাজার ৮১৩ জন।

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খ. মহিদ উদ্দিন জানান, অবরোধে সবাইকে ডিএমপির পক্ষ থেকে অনুরোধ করেন, কেউ যেন কোনোভাবে রাজনৈতিক কর্মসূচির নামে কোনো ধ্বংসাত্মক কার্যক্রম না করেন। অন্যথায় তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ।

গত সপ্তাহের ২৮ অক্টোবর রাজধানীতে বড় ধরনের সমাবেশ করে বিএনপি, জামায়াত ও আওয়ামী লীগ। ওই দিন দুপুরের দিকে বিএনপির সমাবেশে আসা লোকজনের সঙ্গে কাকরাইল মোড়ের কাছে আওয়ামী লীগের সমাবেশগামী লোকজনের সংঘর্ষ শুরু হয়। পুলিশ সেখানে হস্তক্ষেপ করার পর একপর্যায়ে প্রধান বিচারপতির বাসভবনে হামলাসহ বেশ কিছু গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। উপস্থিত সাংবাদিকদেরও ব্যাপক মারধর করা হয়। পরে বিএনপি ও সমমনা দলগুলো দফায় দফায় হরতাল ও অবরোধ কর্মসূচি পালন করছে।

২৬ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব  : নাশকতা ও সহিংসতায় জড়িত থাকার অভিযোগে গতকাল শনিবার রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান থেকে ২৬ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন জানান, শনিবার নাশকতা ও সহিংসতার ঘটনায় রাজধানীর মতিঝিল এলাকায় অভিযান পরিচালনা করে বগুড়া সদর থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মিজানুর রহমান এবং উত্তরায় অভিযান পরিচালনা করে নওগাঁ জেলা যুবদলের সদস্য সচিব রুহুল আমিন মুক্তারকে, চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী এলাকা থেকে পাহাড়তলী ইউনিয়ন যুবদলের সভাপতি আয়ুব আলী খাঁন, বগুড়া জেলার দুপচাঁচিয়া এলাকা থেকে সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক আব্দুর রহমান সজলসহ দেশের বিভিন্ন স্থান থেকে সর্বমোট ২৬ জনকে গ্রেপ্তার করা হয়।