খুসখুসে কাশি সারানোর ঘরোয়া উপায়

প্রকৃতিতে শীতের আমেজ। আর শীতে জ্বর-কাশি খুবই স্বাভাবিক একটি ঘটনা। কারও কারও খুসখুসে কাশি লেগেই থাকে। খুসখুসে কাশির জেরে সারা দিন নাজেহাল অবস্থা হয়ে যায়। কাশির সিরাপ খেলে আবার সারা দিন ঘুম ঘুম ভাব কাজ করে। কাজের মাঝে সমস্যায় না পড়তে চাইলে কাশি দূর করতে ভরসা রাখতে পারেন কিছু ঘরোয়া টোটকায়। চলুন জেনে নেওয়া যাক সেগুলো-

১) এক গ্লাস সামান্য গরম পানিতে দু’চামচ মধু, আধ চা চামচ লেবুর রস আর সামান্য পরিমাণ আদার রস মিশিয়ে দিনে অন্তত দুই থেকে তিন বার খেলে শুকনো কাশি থেকে রেহাই পাবেন।

২) কাশি দূর করতে আদারও জুড়ি মেলা ভার। আদা টুকরো করে কেটে নুন মিশিয়ে কিছুক্ষণ পর পর  খেলে কমতে পারে কাশি। বাজারে শুকনো আদাও কিনতে পাওয়া যায়, কাজের ফাঁকে ফাঁকে মুখে শুকনো আদা রাখলেও উপকার পেতে পারেন।

৩) সর্দি, কাশি ও ঋতু পরিবর্তনের সময়ে গলাব্যথা এবং খুসখুসে কাশি হলে আরাম পেতে মুখে এলাচ রাখতে পারেন, এতে লাভ হবে।

৪) গলায় খুসখুসে ভাবের সঙ্গে কাশি হলে গরম দুধের সঙ্গে অল্প হলুদ মিশিয়ে খেতে পারেন। নিমেষে দূর হবে কাশি।

৫) কাশি হলে তুলসী পাতা চিবিয়ে খেয়ে নিন। চায়ের সঙ্গে তুলসী পাতা মিশিয়েও খেতে পারেন। তুলসী পাতা খুব দ্রুত খুসখুসে কাশি নিরাময় করে।

খুসখুসে কাশির সমস্যা দূর করতে চাইলে এই সব ঘরোয়া টোটটকার পাশাপাশি দিনে তিন থেকে চার বার লবণ পানিতে গার্গেলও করতে হবে। সঙ্গে গরম ভাপ নিলেও ভালো ফল পাওয়া যায়।