সিরাজগঞ্জ-২ (সিরাজগঞ্জ সদর আংশিক-কামারখন্দ) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে নারীদের শিক্ষা ব্যবস্থার ব্যাপক উন্নয়ন হয়েছে। এছাড়া নারীর নিরাপত্তা ও ভাতা সুবিধাসহ বিভিন্ন সুবিধা চালু করেছেন। যাদের ঘর ছিল না প্রধানমন্ত্রী তাদের ঘর দিয়েছেন। যাদের বাড়ি ছিল না প্রধানমন্ত্রী তাদের ঘরসহ বাড়ি দিয়েছেন।’
আজ রবিবার (১২ নভেম্বর) সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না নিজ এলাকায় পথসভা, মতবিনিময় সভা ও উঠান বৈঠক করেন। এসব অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় দেশে দারিদ্রতা হ্রাস পেয়েছে। দেশের সর্বত্র রাস্তা-ঘাট, সড়ক ও রেলপথের ব্যাপক উন্নয়ন হয়েছে। তাই আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার নৌকা মার্কায় ভোট দিয়ে তাকে আবারও সরকার গঠনের সুযোগ দিন।
অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না আরও বলেন, বিএনপি-জামায়াত আগুন সন্ত্রাস ও মানুষ হত্যা করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে ক্ষমতায় আসার চক্রান্ত করছে। আমরা রাজপথে থেকে তা প্রতিহত করব। জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করব।
উল্লেখ্য, সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না রবিবার সকাল সাড়ে ৯টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের দিয়ার পাঁচিল বাজারে বিএনপি-জামাতের অবৈধ অবরোধের প্রতিবাদে পথসভা করেন। খোকশাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এ পথসভায় উপস্থিত ছিলেন- সিরাজগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, সিরাজগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সজল, খোকশাবাড়ি ইউনিয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খোকশাবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রশিদ মোল্লা প্রমুখ। এতে সভাপতিত্ব করেন খোকশাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক।
এদিন দুপুরে কামারখন্দ উপজেলার রায়দৌলতপুর ইউনিয়ন পরিষদ চত্বরে কামারখন্দ উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত নারীর ক্ষমতায়নে সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভূমিকা শীর্ষক মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এতে সভাপত্বি করেন রায়দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রশিদ আকন্দ।
এরপর বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন তুলে ধরে কামারখন্দ উপজেলার জামতৈল ইউনিয়নের নান্দিনামধু দিয়ারপাড়া গ্রামে উঠান বৈঠক করেন। জামতৈল ইউনিয়ন ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না। এতে আরো উপস্থিত ছিলেন- কামারখন্দ উপজেলা চেয়ারম্যান এস. এম শহিদুল্লাহ সবুজ, কামারখন্দ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শেখ, কামারখন্দ মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সম্পা রহমান, জামতৈল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, কালিয়া হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাক আহমেদ, সিরাজগঞ্জ জেলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি আমিনুল ইসলাম প্রমুখ। এতে সভাপতিত্ব করেন জামতৈল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহবুবুল আলম হেলাল।