পাপন-সাকিবের পদত্যাগ চেয়ে আইনি নোটিস

ভারতে চলমান বিশ্বকাপ ক্রিকেটে ব্যর্থতার দায় নিয়ে বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) সভাপতি নাজমুল হাসান পাপন, প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী ও জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসানের পদত্যাগ চেয়ে আইনি নোটিস পাঠানো হয়েছে। গতকাল রবিবার সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার রেজিস্ট্রি ডাকযোগে তিনজনের উদ্দেশে এই নোটিস পাঠান। এতে তাদের পদত্যাগের পাশাপাশি বিশ্বকাপে ব্যর্থতার জন্য জাতির কাছে ক্ষমা চাইতে বলা হয়েছে।

এ ছাড়া নোটিসে এক মাসের মধ্যে জাতীয় দলের সম্পূর্ণ কোচিং স্টাফ, নির্বাচক কমিটি বাতিল করে বিশ্বকাপে ব্যর্থতার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন, উন্নত প্রশিক্ষণের মাধ্যমে নিজস্ব কোচ তৈরি, দেশে আন্তর্জাতিকমানের উইকেট তৈরি, ঘরোয়া লিগ আয়োজন, স্কুল ও বয়সভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট ও প্রশিক্ষণের আয়োজনের ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে। ৩০ দিনের সময় দিয়ে নোটিসদাতা আইনজীবী বলেছেন, অন্যথায় এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।