চাঁদের গাড়ির ধাক্কায় শিশুর মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে চাঁদের গাড়ির ধাক্কায় মোছাম্মৎ তোহা (৯) নামে তৃতীয় শ্রেণির এক স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৯টায় উপজেলার নাজিরহাট পৌরসভাধীন ৩নং ওয়ার্ডের টেকের দোকান বেতুয়ারকুল সড়কে এ ঘটনা ঘটে। 

নিহত তোহা ওই এলাকার মো. জাহেদুল আলমের মেয়ে। সে সুয়াবিল ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে স্কুলে যাওয়ার পথে আব্দুল মালেক শাহ্ রহ. মাদ্রাসার সামনে আসলে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা চাঁদের গাড়ী তোহাকে সজোরে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা দেখতে পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করেন স্থানীয় কাউন্সিলর ওসমান গণি।