নিরাপদ সড়কের দাবিতে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেছেন সাধারণ জনতার ব্যানারে আন্দোলনকারীরা। মঙ্গলবার (২ জুন) রাত ৮টা থেকে নাজিরহাট ঝংকার মোড় এলাকায় শুরু হওয়া এ অবরোধ রাত সাড়ে ৯টা পর্যন্ত চলে।
এতে মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায় এবং উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ সময় আন্দোলনকারীরা মশাল মিছিল ও বিভিন্ন স্লোগান দেন।
আন্দোলনকারীরা অভিযোগ করে বলেন, একের পর এক প্রাণহানির ঘটনা ঘটলেও সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে না। এ সময় তারা চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে ডিভাইডার স্থাপন ও ৪ লেনে উন্নীত করার দাবি জানান। কার্যকর পদক্ষেপ না নেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন তারা।
স্থানীয় সূত্র জানায়, সাম্প্রতিক সড়ক দুর্ঘটনার প্রতিবাদ ও নিরাপদ সড়কের দাবিতে এ কর্মসূচি পালন করা হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে যুবদলের নেতাকর্মীরা আন্দোলনকারীদের সরিয়ে দেন বলে জানা যায়।