লক্ষ্মীপুর-৩ ও ব্রাহ্মণবাড়িয়া-২ উপনির্বাচনে অনিয়মের অভিযোগ ওঠা কেন্দ্রগুলোর ভোট বাতিল করে গেজেট প্রকাশ করা হবে বলে জানিয়েছেন ইসি সচিব মো. জাহাংগীর আলম।
আজ সোমবার (১৩ নভেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
ইসি সচিব জানান, ওই দুটো আসনের উপনির্বাচনের কমিশন তদন্ত করে অনিয়মের প্রমাণ পেয়েছে। তদন্ত কর্মকর্তারা লক্ষ্মীপুর-৩ আসনের একটি কেন্দ্র জাল ভোট দেয়ার প্রমাণ পেয়েছে। সেখানে দু’জনকে শনাক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এছাড়া ওই কেন্দ্রে প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রেজেন্টিং অফিসারদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। কেন্দ্রটির ফলাফল নির্বাচন কমিশন বাতিল ঘোষণা করেছে। এখন রিটার্নিং কর্মকর্তা ওই কেন্দ্রের ভোট বাতিল করে সংশোধিত ফলাফল ঘোষণা করলে,পরে কমিশন গেজেট প্রকাশ করবে।
তিনি আরও জানান, ব্রাহ্মণবাড়িয়া-২ এ দুটো কেন্দ্রে অনিয়মের প্রমাণ পেয়েছে তদন্ত কর্মকর্তারা। সেখানেও ভোট গ্রহণকারী কর্মকর্তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে। ওই কেন্দ্র দুটোর ফলাফল বাতিল করে সংশোধিত ফলাফলের উপর গেজেট প্রকাশ করা হবে।
তফসিলের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, কমিশন বলেছে নভেম্বরের প্রথমার্ধে। এখন যেহেতু সময় আছে আপনারা অপেক্ষা করেন।