আরও তিন দেশে চালু হচ্ছে এনআইডি সেবা

বর্তমানে বিশ্বের ১৭টি দেশে সংশ্লিষ্ট বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে প্রবাসীদের এনআইডি কার্যক্রম চালু রয়েছে। নতুন তিন দেশে সেবা চালু হলে এ সংখ্যা বেড়ে ২০ হবে।

আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ০৪:০৮ এএম

প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা আরও তিনটি দেশে চালু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন দেশ তিনটি হলো হংকং, স্পেন ও জার্মানি।

ইসি সূত্র জানায়, চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকংয়ে এনআইডি সেবা চালুর লক্ষ্যে এরই মধ্যে কমিশনের একটি কারিগরি দল সেখানে গেছে। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার প্রবাসীদের ভোটার নিবন্ধন ও এনআইডি প্রদান কার্যক্রম উদ্বোধন করতে হংকং সফর করছেন। সফরকালে তিনি সেখানে বসবাসরত বাংলাদেশিদের সঙ্গে ভোটাধিকার, ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্রসংক্রান্ত সেবা নিয়ে বৈঠক করবেন।

এ ছাড়া জার্মানি ও স্পেনে এ সেবা চালুর প্রস্তুতি চলছে। বুধবার জার্মানি এবং ৪ ডিসেম্বর স্পেনে পৃথক কারিগরি দল যাওয়ার কথা রয়েছে।

ইসির এনআইডি অনুবিভাগের কর্মকর্তারা জানান, বর্তমানে বিশ্বের ১৭টি দেশে সংশ্লিষ্ট বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে প্রবাসীদের এনআইডি কার্যক্রম চালু রয়েছে। নতুন তিন দেশে সেবা চালু হলে এ সংখ্যা বেড়ে ২০ হবে। তবে সুইডেনের দূতাবাসের মাধ্যমে নরওয়ে ও ফিনল্যান্ডের প্রবাসীরাও এ সেবা পান। ফলে সব মিলিয়ে ২২টি দেশের প্রবাসীরা এ কার্যক্রমের আওতায় থাকবেন।

বর্তমানে যে ১৭টি দেশে প্রবাসীদের এনআইডি সেবা চালু রয়েছে, সেগুলো হলো—সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, যুক্তরাষ্ট্র, মালদ্বীপ, ওমান, দক্ষিণ আফ্রিকা, সুইডেন, সিঙ্গাপুর ও বাহরাইন।

নরওয়ে ও ফিনল্যান্ডে বসবাসরত বাংলাদেশিরা সুইডেনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে কনস্যুলার সেবা গ্রহণ করেন। এ কারণে তাদের এনআইডি কার্যক্রমও ওই দূতাবাসের মাধ্যমে পরিচালিত হয়। প্রবাসীদের নিবন্ধনের আবেদন দূতাবাসে জমা নেওয়ার পর দেশে যাচাই-বাছাই ও এনআইডি ছাপানোর কাজ করে ইসি। পরে দূতাবাসের মাধ্যমে কার্ড সংশ্লিষ্ট প্রবাসীদের কাছে পৌঁছে দেওয়া হয়।

ইসির তথ্য অনুযায়ী, বিশ্বের ১৬০টি দেশে প্রবাসী বাংলাদেশি থাকলেও ৪০টি দেশে তাদের আধিক্য রয়েছে। এসব দেশে বসবাসরত প্রবাসীর সংখ্যা এক কোটি ৪০ লাখের বেশি। এর মধ্যে সবচেয়ে বেশি সৌদি আরবে—৪০ লাখ ৫০ হাজার। সবচেয়ে কম নিউজিল্যান্ডে—২ হাজার ৫০০। মূলত এই ৪০টি দেশের প্রবাসীদের বিবেচনায় রেখে এনআইডি কার্যক্রম সম্প্রসারণ করছে ইসি।

তবে পরিকল্পনায় থাকলেও ফ্রান্সে প্রবাসীদের ভোটার নিবন্ধন ও এনআইডি বিতরণ কার্যক্রম চালু করতে পারেনি কমিশন। কয়েক মাস আগে দেশটির বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের এ বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার কথা ছিল। পরে দূতাবাস থেকে পর্যাপ্ত প্রস্তুতি না থাকার কথা জানানো হলে সেখানে কার্যক্রম স্থগিত করে ইসি।

সর্বশেষ সর্বাধিক পঠিত