কুমিল্লায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

কুমিল্লার নাঙ্গলকোটে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৩ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার বক্সগঞ্জ ইউপির অষ্টগ্রামের মিস্ত্রি বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, ওই গ্রামে প্রবাসী লিটন সুত্রধরের ছেলে আনন্দ সূত্রধর (৫) ও প্রবাসী যুবরাজ সূত্রধরের ছেলে পাবন সূত্রধর (৫)। সম্পর্কে তার আপন চাচাতো ভাই। পাশাপাশি আটগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীর শিক্ষার্থী। ওই ইউপির ৭নং ওয়ার্ড সদস্য সাকের হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 

এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার সকালে বাড়ির পাশে পুকুর পাড়ে খেলা করছিলেন দু'জন। খেলার সময় এক পর্যায়ে পুকুরে পড়ে যায় তারা। এদিকে দীর্ঘ সময় থেকে তাদের না দেখে পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় ও আত্মীয়স্বজনের বাড়িতে খুঁজতে শুরু করে। পরে পুকুরে তল্লাশি করে ডুবন্ত অবস্থা তাদের উদ্ধার করে প্রাইভেট একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। দুই শিশুর অকাল মৃত্যুতে এলাকা জুড়ে চলছে শোকের মাতম।
 
এ বিষয়ে নাঙ্গলকোট থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, সাংবাদিকদের মাধ্যমে ঘটনাটি শুনেছি। নিহতের পরিবারের পক্ষে থেকে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।