ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের মন্ত্রীসভায় নাটকীয় রদবদল ঘটেছে। সুনাক সরকারের নতুন পররাষ্ট্রমন্ত্রী হতে চলেছেন সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। এর মাধ্যমে দীর্ঘদিন পর আবারও সক্রিয় রাজনীতিতে ফিরতে চলেছেন তিনি।
১০ ডাউনিং স্ট্রিটের পক্ষ থেকে সোমবার (১৩ নভেম্বর) ঘোষণা দেওয়া হয়েছে, মন্ত্রিসভায় বৃহত্তর রদবদলের অংশ হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে বরখাস্ত করা হয়েছে সুয়েলা ব্রেভারম্যানকে। তার স্থলাভিষিক্ত হচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি। আর নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে যোগ দিচ্ছেন ডেভিড ক্যামেরন।
ক্যামেরন ২০১০ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বের হয়ে যাওয়া (ব্রেক্সিট) নিয়ে অনুষ্ঠিত গণভোটে হেরে যাওয়ার পর প্রধানমন্ত্রীর পদের পাশাপাশি সংসদ সদস্য পদও ছাড়েন তিনি।