রাফসান আমার শুধুই বন্ধু: জেফার

রাফসানকে রীতিমতো প্রতারক বলছেন নেটিজেনরা। এক ফেসবুক স্ট্যাটাসে সানিয়া এশার সঙ্গে তিন বছরের দাম্পত্য জীবনের বিচ্ছেদ ঘোষণা করেছেন জনপ্রিয় উপস্থাপক রাফসান সাবাব। এমন ঘোষণার পর সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে বেশ চর্চা হচ্ছে এবং নানা রকম কথা ছড়াচ্ছে।

এছাড়াও বিচ্ছেদ নিয়ে যে পোস্ট দিয়েছেন রাফসান সেখানে সানিয়া এশার অনেক বন্ধুই রাফসানকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। অনেকেই বলছেন রাফসান প্রতারণা করেছেন এশার সঙ্গে। অন্যদিকে, গায়িকা জেফারের সঙ্গে প্রেমের গুঞ্জন ছড়াচ্ছে, যা ক্রমাগত আলোচনার কেন্দ্রে আসছে।

এই গুঞ্জন আরও বাড়িয়ে দেয় রাফসানের স্ত্রী এশার বক্তব্যে। বিচ্ছেদ প্রসঙ্গে তিনি দাবি করেন, আমার অনুমতি ছাড়া এমনকি ডিভোর্স লেটারে আমার স্বাক্ষর ছাড়াই রাফসান বিচ্ছেদের ঘোষণা দিয়েছে। 

এদিকে জেফার বলছেন, রাফসানের সঙ্গে তার শুধুই বন্ধুত্বের সম্পর্ক। তিনি বলেন, ‘আমি সাধারণত এসব বিষয় এড়িয়ে চলার চেষ্টা করি। কিন্তু রাফসানকে নিয়ে আলোচনাটা অনেক দূর গড়িয়েছে। সে আমার একজন বন্ধু। এমন বন্ধু যেমনটা ইন্ডাস্ট্রিতে অনেকেই আছে। আমরা একসঙ্গে শো করেছি। বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করেছি, ঘুরেছি, কিন্তু সেটা কেবলই দুজনে মিলে নয়। আমাদের আরও বন্ধুরাও সাথে ছিল।’

জেফার বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে যা পড়বেন, তাই বিশ্বাস করবেন না। কেউ একজন এসে অভিযোগ তুললো, কোনো প্রমাণ ছাড়াই, এর মানে এই নয় যে সেটা বিশ্বাস করতে হবে।’