নবযাত্রায় রাফসান-জেফার

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৬, ০২:৪৮ পিএম

পূর্ব ঘোষণা অনুযায়ী আজ বুধবারই (১৪ জানুয়ারি) বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন গায়িকা জেফার রহমান ও উপস্থাপক রাফসান সাবাব। বিনোদন অঙ্গনে আলোচিত এই সম্পর্ক আজ আনুষ্ঠানিক রূপ নিচ্ছে। সকালে তাদের গায়েহলুদ অনুষ্ঠিত হয়, আর সন্ধ্যায় বিয়ের আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে।  ঢাকার অদূরে আমিনবাজারের একটি রিসোর্টে দুই পরিবারের সদস্য ও শোবিজ অঙ্গনের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আয়োজন করা হয়েছে। এরই মধ্যে আমন্ত্রিত অতিথিদের কাছে বিয়ের দাওয়াত পৌঁছে দেওয়া হয়েছে। 

জেফার ও রাফসানের সম্পর্ক নিয়ে এক বছর ধরেই নানা গুঞ্জন চলছিল। যদিও গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে দুজনই নিজেদের ‘ভালো বন্ধু’ হিসেবে পরিচয় দিয়ে ব্যক্তিগত জীবন নিয়ে নীরব ছিলেন। ব্যক্তিগত বিষয় প্রকাশ্যে আনতে অনাগ্রহী থাকার কথাও বিভিন্ন সময়ে বলেছেন জেফার।তবে সব জল্পনার অবসান ঘটিয়ে আজ তাঁদের সম্পর্কের শুভ পরিণয় ঘটতে যাচ্ছে। 

ঘনিষ্ঠজনেরা জানান, দীর্ঘদিনের বন্ধুত্ব থেকেই দুজনের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়, যা শেষ পর্যন্ত বিয়ের সিদ্ধান্তে গড়ায়। গত বছরের মাঝামাঝি সময়ে থাইল্যান্ডে একসঙ্গে ভ্রমণের সময় তাঁদের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনা আরও জোরালো হয়। সে সময় বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে জেফার মন্তব্য করেছিলেন, ব্যক্তিগত জীবন নিয়ে তার বলার কিছু নেই। 

রাফসান সাবাব ২০২৩ সালের শেষ দিকে চিকিৎসক সানিয়া এশার সঙ্গে তার তিন বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন। বিষয়টি নিজেই ফেসবুকে জানিয়ে তিনি লিখেছিলেন, অনেক ভেবেচিন্তেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আলাদা হওয়ার পথটিই তখন দুজনের জন্য সম্মানজনক সমাধান বলে মনে হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত