বিএনপির ডাকা চতুর্থ দফা অবরোধ চলাকালীন গতকাল রবিবার ও আজ সোমবার রাত পর্যন্ত ১৪টি পরিবহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে ছিল ১১টি যাত্রীবাহী বাস। ‘উচ্ছৃঙ্খল জনতা’ কর্তৃক এসব বাহনে আগুন দেওয়ার হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
আজ সোমবার (১৩ নভেম্বর) এ তথ্য জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম।
ফায়ার সার্ভিস জানিয়েছে, দুই দিনে ঢাকা সিটিতে আটটি, ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ, সাভার ও ফরিদপুরে তিনটি, বরিশাল বিভাগে বরিশাল সদরে একটি, রাজশাহী বিভাগের নাটোরে একটি ও রংপুর বিভাগের দিনাজপুরে একটি পরিবহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
সর্বশেষ সন্ধ্যা সোয়া ৬টার দিকে শনির আখড়া চৌরাস্তা ব্রিজের ওপর মৌমিতা পরিবহনের একটি বাসে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পোস্তগোলা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।