মাদারীপুরের শিবচরে বহেরাতলা দক্ষিণ ইউনিয়ন পরিষদে সার্ভার সমস্যার কারণে জন্মসনদ দিতে না পারায় পরিষদের উদ্যোক্তা শামিম আহমেদ পলাশকে (২৯) কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। গত রবিবার রাতে উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়নের সেনেরবাড এলাকায় আড়িয়াল খাঁ নদের পাড়ে এ ঘটনা ঘটে। আহত পলাশ বহেরাতলা দক্ষিণ ইউনিয়নের সরকারের চর এলাকার মজিবর রহমান বেপারীর ছেলে। তিনি ওই ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা হিসেবে কর্মরত।
ইউনিয়ন পরিষদ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে বহেরাতলা উত্তর ইউনিয়নের সেনেরবাড এলাকার রুবেল, আল আমীন, ইমন, হযরত ও তুষারসহ কয়েকজন যুবক বহেরাতলা দক্ষিণ ইউনিয়ন পরিষদে একটি জন্মসনদ আনতে যান। এ সময় পরিষদের উদ্যোক্তা শামিম আহমেদ পলাশ তাদের সার্ভার সমস্যা কথা জানান ও কয়েকদিন পরে সনদ নিতে আসতে বলেন। এ সময় তারা ক্ষিপ্ত হয়ে পলাশকে দেখে নেওয়াসহ নানাভাবে হুমকি দেন। গত রবিবার রাতে পলাশ শিবচর পৌরবাজারে পরিষদের একটি নষ্ট কম্পিউটার মেরামত করার জন্য আসছিলেন। এ সময় রুবেল, আল আমীন ও হযরতসহ ১০/১২ জন যুবক পলাশের ওপর হামলা চালান। তাদের ছুরিকাঘাতে পলাশ গুরুতর আহত হন। পলাশের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
আহত পলাশ বলেন, ‘হামলাকারীদের মধ্যে রুবেল, আল আমীন ও হযরতকে আমি চিনতে পেরেছি।’
শিবচর থানার ওসি সুব্রত গোলদার বলেন, ‘এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’