জব্দকৃত সরকারি চাল রাতের আঁধারে বাসার গ্রিল কেটে সরানোর সময় শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা খাদ্যগুদাম কর্মকর্তা ইকবাল মাহমুদকে আটক করা হয়েছে। গত রবিবার রাতে ওই কর্মকর্তাকে হাতে-নাতে ধরার পর আটক করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল মামুন। এর আগে গত শনিবার দুপুরে খাদ্যগুদাম কর্মকর্তার নিজ বাসভবন থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ১৩ বস্তা চাল ও ১ হাজার ১০০টি খালি বস্তা জব্দ করা হয়। এ সময় তার বাসাটি সিলগালা করে দেয় উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
শরীয়তপুর জেলা খাদ্য কর্মকর্তা মোশাররফ হোসেন বলেন, ‘জানালার গ্রিল কাটার বিষয়টি অত্যন্ত লজ্জাজনক। বিষয়টি নিয়ে আমরা লজ্জিত। শনিবারের ঘটনার পর তার বিষয়ে ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছিল।’
ইউএনও আবদুল্লাহ আল মামুন বলেন, ‘রবিবার সন্ধ্যায় একটি ফোন আসে যে সিলগালাকৃত বাসার গ্রিল কেটে জব্দ চালের বস্তা সরিয়ে নেওয়া হচ্ছে এবং উপজেলা প্রশাসনের কার্যক্রমকে মিথ্যা প্রমাণিত করার চেষ্টা চলছে। দ্রুত সহকারী কমিশনারকে (ভূমি) নিয়ে এসে উপজেলা খাদ্যগুদাম কর্মকর্তাকে হাতে-নাতে ধরি। আমরা বিষয়টি জেলা প্রশাসকের মাধ্যমে দুদককে জানাব। দুদক আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে।’