ক্রীড়া জগতে দুইজন দুই আঙিনার। ক্রিকেটের সময়ের সেরা ব্যাটসম্যানদের একজন বিরাট কোহলি, আর থমাস মুলার ফুটবলের তারকা। তবে ক্রিকেট বিশ্বকাপ যেন মিলিয়ে দিয়েছে তাদের। ভারতের জার্সি পরে কোহলির উদ্দেশে বার্তাও দিয়েছেন জার্মান ফরোয়ার্ড।
জার্মানিতে ক্রিকেটের প্রচলন নেই বললেই চলে। সেই দেশের ফুটবলার মুলার ভারতীয় ক্রিকেট দলের জার্সি পরে সবাইকে চমকে দিয়েছেন। জার্মান ফুটবলের রমডয়টার বা ছায়ামানব হিসেবে খ্যাতি পাওয়া মুলার শুভকামনা জানিয়েছেন ভারতের প্রতি।
মূলত ২০১৪ বিশ্বকাপজয়ী মুলারের কাছে এই জার্সি গিয়েছে ভারত দলের উপহার হিসেবে। এই নিয়ে ভিডিও প্রকাশ করেছেন মুলার। উপহারের বাক্সে মুলারের নাম সম্বলিত একটি জার্সি পাঠিয়েছে ভারতীয় ক্রিকেট দল। জার্সিটি পেয়ে ভীষণ উচ্ছ্বসিত মুলার সেটি গায়ে জড়িয়ে ভারতীয় ক্রিকেট দলকে ধন্যবাদও জানান। এছাড়া বিশ্বকাপের জন্য দলটিকে শুভকামনাও জানিয়েছেন এই ফুটবলার।
ভিডিওর ক্যাপশনে মুলার লিখেছেন, 'এটা দেখো বিরাট কোহলি। জার্সিটির জন্য ভারতীয় ক্রিকেট দলকে অনেক ধন্যবাদ। ক্রিকেট বিশ্বকাপের জন্য অনেক শুভকামনা।’
মূলত বানিজ্যিক প্রতিষ্ঠান অ্যাডিডাসের সূত্রেই মুলার আর ক্রিকেটের এই মেলবন্ধন। মুলারের ক্লাব বায়ার্ন মিউনিখের অফিশিয়াল স্পন্সর প্রতিষ্ঠান অ্যাডিডাস। ভারতীয় ক্রিকেট দলেরও জার্সি স্পন্সর এই প্রতিষ্ঠানটি। স্বাভাবিকভাবেই তাই অ্যাডিডাসের হাত ধরে ভারতের জার্সি চলে যায় জার্মান ফুটবলারের কাছে।
বিশ্বকাপে এখন পর্যন্ত দারুণ ছন্দেই আছে ভারত। নয় ম্যাচের সবকটিতে জিতে পা রেখেছে শেষ চারে। আগামীকাল প্রথম সেমিফাইনালে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে স্বাগতিকরা।