ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের জাবালিয়া শরণার্থী শিবিরে আবারও ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। এতে কমপক্ষে ৩১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও বহু ফিলিস্তিনি।
এই নিয়ে এ শরণার্থী শিবিরে চারবার ভয়াবহ হামলা চালাল দখলদার ইসরায়েলি বাহিনী। খবর আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সন্ধ্যায় উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে বিমান হামাল চালায় ইসরায়েলি বাহিনী, এতে ৩০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়।
অন্যদিকে ফিলিস্তিনের রাষ্ট্রীয় বার্তাসংস্থা ওয়াফা জানিয়েছে, জাবালিয়া শরণার্থী শিবিরের ভেতরে জাবালিয়া সার্ভিসেস ক্লাবের কাছে ঘনবসতিপূর্ণ এলাকায় ১২টি বাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়, তাতেই এই প্রাণহানির ঘটনা ঘটে। এছাড়া হামলায় আরও কয়েক ডজন ফিলিস্তিনি আহত হয়েছেন।
এর আগেও চলতি মাসের শুরুতে টানা তিন দিন জাবালিয়া শরণার্থী ক্যাম্পে হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলি সেই হামলাগুলোর ফলে ১৯৫ জন নিহত এবং আরও ১২০ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছিল ফিলিস্তিনি কর্তৃপক্ষ।
চলতি মাসের শুরু থেকেই গাজার অভ্যন্তরে শরণার্থী শিবিরগুলোতে বার বার মারাত্মক হামলা চালাচ্ছে ইসরায়েল। বিশেষ করে এমন সব এলাকায় হামলা চালানো হচ্ছে যেগুলো এই অবরুদ্ধ ভূখণ্ডের সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকা বলে পরিচিত। এর ফলে বাড়ছে হতাহতের পরিমাণ।