কমলগঞ্জে ১২০০ কেজি ভারতীয় অবৈধ চিনিসহ ব্যবসায়ি গ্রেপ্তার

মৌলভীবাজারের কমলগঞ্জে পুলিশের অভিযানে অবৈধভাবে আমদানি করা ১ হাজার ২০০ কেজি ভারতীয় চিনি উদ্ধার করা হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে জমশেদ খাঁন নামের এক ব্যবসায়িকে গ্রেপ্তার করা হয়।

সোমবার (১৩ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার ভানুগাছ কাঁচা বাজারে এ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

অভিযান পরিচালনাকারী কমলগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) পবিত্র শেখর দাস জানান, ঘটনাস্থল থেকে ৫০ কেজি ওজনের ইন্ডিয়ার হোয়াইট সুগার লেখা ভারতীয় একটি কোম্পানির ২৪ বস্তায় মোট ১২০০ কেজি চিনি জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৪৪ হাজার টাকা। চিনি পাচারকারী এই চক্রের কয়েকজন মিলে দীর্ঘদিন ধরে ভারত থেকে চোরাইপথে কম দামে ভারতীয় চিনি আনেন এবং বস্তা পাল্টিয়ে খুচরা বিক্রি করেন।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তী দেশ রূপান্তরকে বলেন, ‘চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারতীয় পণ্য বাংলাদেশে আমদানি করার অপরাধে আটককৃত জমশেদ খাঁন এবং পলাতক একজনের বিরুদ্ধে কমলগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’