তেলাপোকা মারার ওষুধ খেয়ে শিশুর মৃত্যু

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় তেলাপোকা মারার ওষুধ খেয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ নভেম্বর) বিকেলে উপজেলার কাশিপুর ইউনিয়নের অনন্তপুর এলাকায় এ ঘটনা ঘটে। মৃত শিশুর নাম নিশান (৩)। সে ওই গ্রামের তাজুল ইসলামের ছেলে।

মৃতের নানি সাহিদা বেগম জানান, তেলাপোকা মারার জন্য বাজার থেকে ওষধ নিয়ে আসে তার বাবা।  শিশুটি খেলার ফাঁকে সবার অজান্তে ওই ওষধ খেয়ে নেয়। খাওয়ার কিছুক্ষণ পর জ্ঞান হারিয়ে ফেলে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়।

ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. হোমায়ারা খাতুন জানান, শিশুটিকে নিয়ে আসার পথে মারা গেছে। তার মুখে গন্ধ ছিল।

ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণ কৃঞ্চ দেবনাথ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।