গাজায় ভারী বৃষ্টি, দুর্ভোগ বাড়ছে ফিলিস্তিনিদের

ইসরায়েলের অব্যাহত হামলার মধ্যেই অবরুদ্ধ গাজা উপত্যকায় শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। মঙ্গলবারের (১৪ নভেম্বর) এ বৃষ্টিতে গাজার বিভিন্ন অঞ্চলে দেখা দিয়েছে বন্যা। এর ফলে ঘর-বাড়ি ছেড়ে অচেনা ও খোলা জায়গায় আশ্রয় নেওয়া সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে।

মিডল ইস্ট আই জানিয়েছে, গাজার দক্ষিণাঞ্চলে তাঁবুর মধ্যে হাজার হাজার ফিলিস্তিনি বসবাস করছেন। সেখানে বৃষ্টির পানি প্রবেশ করেছে। এতে তাদের জিনিসপত্র ভিজে গেছে, স্যাঁতসেঁতে হয়ে পড়েছে বিছানা।

অপরদিকে বৃষ্টির কারণে শুরু হওয়া শীতে কষ্ট পাচ্ছে সাধারণ মানুষ। তাদের বেশিরভাগের কাছেই উষ্ণ কাপড় নেই। আবার জ্বালানি সংকট ও বিদ্যুৎ সংযোগ না থাকায় নিজেদের উষ্ণ রাখার কোনো উপায়ও তাদের কাছে নেই।

গত ৭ অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরুর পর প্রাণ বাঁচাতে উত্তরাঞ্চল থেকে হাজার হাজার মানুষ দক্ষিণাঞ্চলে চলে এসেছে।  আল জাজিরা জানিয়েছে, বাস্তুচ্যুত এসব মানুষের কাছে অর্থও নেই। তারা যে উষ্ণ কাপড়সহ প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করবে সেই সুযোগও নেই।

বলা যায়, ইসরায়েলের হামলার মধ্যে বৃষ্টির মৌসুম শুরু হওয়ায় অসহায় ফিলিস্তিনিরা এখন আরও কষ্টের মধ্যে পড়বে।