ছবি ও ভিডিও যাচাইয়ের কৌশল

অনলাইনে ছবি ও ভিডিও ভুল তথ্য এবং গুজব ছড়ানোর অন্যতম হাতিয়ার হয়ে উঠেছে। বিশ্বব্যাপী ফ্যাক্ট চেকারদের এখন সবচেয়ে বেশি খন্ডন করতে হয় ছবি, ভিডিওর মাধ্যমে ছড়ানো ভুল ও মিথ্যা। সামাজিক মাধ্যমগুলোর অ্যালগরিদম এই দুই ফরমেটের কনটেন্ট বেশি ছড়ানোর উপযোগী হওয়ায় ব্যবহারকারীরাও বেশি গুরুত্ব দেন। পৃথিবীতে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে সমান্তরালে বেড়েছে ডিজিটাল মাধ্যমে ভুল তথ্য, ছবি এবং ভিডিও প্রচার। ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্স ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ তথা এমআরডিআই কর্তৃক এক প্রকাশনায় উল্লেখ করা হয়েছে, বিশ্বে ৫০০ কোটির বেশি মানুষ ইন্টারনেট ব্যবহার করে। আর সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীর সংখ্যা ৪০০ কোটির ওপরে। গুগল অ্যাডভান্স সার্চ : যে কোনো তথ্য খুঁজে পেতে আমরা সাধারণত গুগল সার্চ ইঞ্জিন ব্যবহার করে থাকি। সার্চের কাজে আমরা গুগল ব্যবহার করলেও অনেকেই জানি না গুগলে অ্যাডভান্স পদ্ধতিতে সার্চ করা যায়। গুগলের অ্যাডভান্স সার্চ করার আলাদা পেজ রয়েছে। অ্যাডভান্স সার্চ পেজটিতে গিয়ে অ্যাডভান্স পদ্ধতিতে সার্চ করা সম্ভব। পাশাপাশি, বিভিন্ন অপারেটর (গুগল ডর্কিং) ব্যবহার করে মূল পেজ থেকেও সার্চ করা যায়।

রিভার্স ইমেজ সার্চ পদ্ধতি : তথ্যের মতো করে ছবি দিয়েও ছবি সার্চ করা যায়। এই পদ্ধতিকে বলা হয় ‘রিভার্স ইমেজ সার্চ’। সার্চ ইঞ্জিনে ছবি দিয়ে সেই ছবির তথ্য খোঁজ করাকেই রিভার্স ইমেজ সার্চ বলা হয়। বিভিন্ন সার্চ ইঞ্জিনে ইমেজ সার্চের অপশন রয়েছে। এদের মধ্যে জনপ্রিয় বা বহুল ব্যবহৃত কয়েকটি ইমেজ সার্চ ইঞ্জিন হলো : : Google Image Search, Yandex Image Search, Bing Image Search & Tineye.. এই সাইটগুলো ব্যবহার করে ছবি যাচাই করতে পারবেন।

ভিডিও যাচাইয়ের উপায় : প্রতিটি সার্চ ইঞ্জিনে আলাদা করে ইমেজ সার্চের অপশন থাকলেও ভিডিও সার্চ করার কোনো অপশন নেই। এই প্রযুক্তিটিও ধীরে ধীরে উন্নত করা হচ্ছে। ভিডিও সার্চ করার জন্য ভিডিও থেকে স্থিরচিত্র বা স্ক্রিনশট নিয়ে রিভার্স ইমেজ সার্চ করতে হয়। এ ছাড়া ডেস্কটপের ওয়েব ব্রাউজারের জন্য ‘ওহারফ’ নামের একটি (এক্সটেনশন) টুলস রয়েছে যার সাহায্যেও ভিডিও থেকে কি-ফ্রেম বা স্থিরচিত্র জেনারেট করে ইমেজ সার্চ করা যায়।