সিটি করপোরেশন মার্কেটের অবৈধ দোকানদারদের চিহ্নিত করে তাদের উচ্ছেদ করার ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। গতকাল মঙ্গলবার সকালে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মোহাম্মদপুর নতুন কাঁচা বাজারের (কৃষি মার্কেট) ব্যবসায়ীদের মধ্যে অনুদানের চেক বিতরণ ও মার্কেট পুনর্নির্মাণকাজের উদ্বোধন অনুষ্ঠানে এমন ঘোষণা দেন।
ডিএনসিসির মেয়র বলেন, ‘আসল কথা হলো কারওয়ান বাজার, মোহাম্মদপুর টাউন হল মার্কেট, রায়েরবাজার মার্কেটসহ ডিএনসিসির সব মার্কেটে বৈধ দোকানদারের পাশাপাশি অনেক অবৈধ দোকানদার রয়েছেন। অবৈধ দোকানদাররাই নতুন আধুনিক ভবন নির্মাণ হোক এটা চান না। ডিএনসিসির কর্মকর্তা ও কাউন্সিলরদের নির্দেশ দিয়েছি অবৈধ দোকানদারদের তালিকা তৈরি করতে। কেননা, অবৈধ দোকানদাররা নতুন ভবন নির্মাণে কোনো আপত্তি করবেন না।’
অনুষ্ঠানে বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য মো. সাদেক খান প্রমুখ।