ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনালে 'হতে পারে সন্ত্রাসী হামলা'

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা আড়াইটায় মাঠে গড়াবে বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল। যে লড়াইয়ে মুখোমুখি হবে স্বাগতিক ভারত ও নিউজিল্যান্ড। আর এই ম্যাচটি চলাকালীন সন্ত্রাসী হামলা হতে পারে বলে হুমকি পেয়েছে মুম্বাই পুলিশ।

সেমিফাইনালের লড়াই শুরুর আগে এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) হুমকির খবর পেয়েছে মুম্বাই পুলিশ। সঙ্গে সঙ্গে পদক্ষেপ নেওয়া হয়েছে। এরই মধ্যে স্টেডিয়ামের নিরাপত্তা বাড়ানো হয়েছে।

মুম্বাই পুলিশের এক কর্মকর্তার বরাতে ভারতীয় সংবাদমাধ্যমের খবর, ‘এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি মুম্বাই পুলিশকে ট্যাগ করে একটা পোস্ট করেছে। সেখানে বন্দুক, গ্রেনেড ও বুলেটের ছবি দেওয়া আছে। সঙ্গে লেখা আছে সেমিফাইনাল ম্যাচ চলাকালীন নাশকতামূলক ঘটনা ঘটতে পারে।’ 

ওই কর্মকর্তা আরও জানিয়েছেন, স্টেডিয়াম চত্বরে নজরদারি বাড়ানো হয়েছে। আশপাশের এলাকাতেও নজরদারি বেড়েছে। কোনো ব্যক্তির ওপর সন্দেহ হলেই তাকে জেরা করা হচ্ছে।

বিশ্বকাপ শুরুর আগে থেকেই বড় এক বিপদের খড়গ চলছে ভারতের ক্রিকেট স্টেডিয়ামগুলোতে। এর আগে বিশ্বের অন্যতম দর্শক ধারণক্ষমতা সম্পন্ন আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিল দেশটির একটি সন্ত্রাসবাদী গোষ্ঠী। এর আগে খালিস্তানপন্থি নেতা গুরপাওয়ান্ত সিং-এর পক্ষ থেকেও বিশ্বকাপ চলাকালে হামলার হুমকি দেওয়া হয়েছিল। এমনকি এই হুমকির শঙ্কায় বিশ্বকাপ উদ্বোধনী অনুষ্ঠানও বাতিল করা হয় বলে ধারণা অনেকের।