বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আজ মুখোমুখি হচ্ছে ভারত ও নিউজিল্যান্ড। মুম্বাইয়ের ওয়াংখেড়েতে ম্যাচটি দেখতে গিয়েছেন সাবেক ইংলিশ তারকা ফুটবলার ডেভিড বেকহ্যাম।
তিন দিনের সফরে এখন ভারতে অবস্থান করছেন বেকহ্যাম। ইউনিসেফের শুভেচ্ছা দূত হিসেবে এশিয়ার দেশটিতে গেছেন তিনি।
নারী ও মেয়েদের ক্ষমতায় এবং অধীনতা ও লিঙ্গ সমতাকে প্রতিষ্ঠিত করতে ইউনিসেফের সঙ্গে জুটি বেঁধেছে আইসিসি।
ভারতীয় কিংবদন্তি ব্যাটসম্যান শচিন টেন্ডুলকারের সঙ্গে ওয়াংখেড়ের মাঠে কিছুক্ষণ হেঁটেছেন বেকহ্যাম। পুরো স্টেডিয়ামের আবহ উপভোগ করেছেন তিনি।
ভারত ও নিউজিল্যান্ডের ক্রিকেটারদের সঙ্গে কথা বলতে দেখা গেছে তাকে। টেন্ডুলকারের সঙ্গে দাঁড়িয়ে বিশ্বকাপ ট্রফির সাথে ছবিও তুলেছেন সাবেক এই ফুটবলার।
টেন্ডুলকারসহ আরও অনেকের সঙ্গে ভিভিআইপি গ্যালারিতে বসে খেলা দেখবেন বেকহ্যাম।