আল শিফাতে অভিযান, মানবতার বিরুদ্ধে অপরাধ

হামাসের সরকারি মিডিয়া অফিস গাজার আল-শিফা হাসপাতালে ইসরায়েলের অভিযানকে "যুদ্ধাপরাধ", "নৈতিক অপরাধ" এবং "মানবতার বিরুদ্ধে অপরাধ" বলে অভিহিত করে বিবৃতি দিয়েছে।

বিবৃতিতে বলা হয়, রাতের আড়ালে হাসপাতালটিতে যখন অভিযান চালানো হয় তখন হাসপাতালে ৯ হাজার রোগী, চিকিৎসা কর্মী এবং বাস্তুচ্যুত বেসামরিক নাগরিক ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) একটি ভিডিওতে হামাস নেতা ইজ্জাত আল-রিশক বলেন, ইসরায়েল একটি বেসামরিক স্থাপনায় আক্রমণ করেছে, এটি হামাসের সামরিক স্থাপনা নয়।

এছাড়া আগের এক বিবৃতিতে হাসপাতালে অভিযানের জন্য ওয়াশিংটন এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে দায়ী করেছিল হামাস।

অন্যদিকে ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) স্বাস্থ্যমন্ত্রী মাই আল-কাইলা হাসপাতালের অভ্যন্তরে সামরিক অভিযান চালানোয় ইসরায়েলের বিরুদ্ধে "মানবতা, চিকিৎসা কর্মী এবং রোগীদের বিরুদ্ধে নতুন অপরাধ" করার অভিযোগ করেছেন।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফায় প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, “আল-শিফায় চিকিৎসা কর্মী, রোগী এবং বাস্তুচ্যুত মানুষের জীবনের ঝুঁকির জন্য আমরা দখলদার বাহিনীকে সম্পূর্ণভাবে দায়ী করি।“

আল-শিফা হল গাজার বৃহত্তম হাসপাতাল এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্র উভয়েরই দাবি যে, আল-শিফা হাসপাতালে হামাসের একটি কমান্ড বেস রয়েছে। যদিও এ দাবি অস্বীকার করে হামাস।