ট্রুডোর সমালোচনার জবাবে যা বললেন নেতানিয়াহু   

ইসরায়েল নয়, হামাসই বেসামরিকদের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বুধবার (১৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে এমন দাবি করেন তিনি। মঙ্গলবার কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, ইসরায়েলকে গাজায় ‘নারী ও শিশু হত্যা’ বন্ধের আহ্বান জানালে, তার জবাবে এ কথা বলেন নেতানিয়াহু।

এক্স-এ দেওয়া এক পোস্টে ট্রুডোকে ট্যাগ করে নেতানিয়াহু বলেন, 'ইসরায়েল নয়; বরং বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানাচ্ছে হামাস। ‘হলোকাস্টের পর তারাই প্রথম ইহুদি বেসামরিকদের শিরশ্ছেদ করেছে, পুড়িয়েছে এবং তাদের ওপর গণহত্যা চালিয়েছে।’ 

নেতানিয়াহু আরও বলেন, ‘ইসরায়েল গাজার বেসামরিকদের জন্য নিরাপদ স্থানে সরে যেতে মানবিক করিডোরের ব্যবস্থা করেছে। কিন্তু হামাস মাথায় বন্দুক ঠেকিয়ে তাদের সেখানে আটকে রাখছে।’

এর আগে, মঙ্গলবার কানাডার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ব্রিটিশ কলাম্বিয়ায় এক সংবাদ সম্মেলনে ট্রুডো বলেন, ‘ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নারী ও শিশু হত্যা ইসরায়েলকে অবশ্যই বন্ধ করতে হবে।’

এসময় নেতানিয়াহুকে উদ্দেশ্য করে ট্রুডো বলেন, ‘আমি ইসরায়েলকে অর্থাৎ দেশটির প্রধানমন্ত্রীকে সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানাচ্ছি। সারা বিশ্ব টিভিতে, সোশ্যাল মিডিয়াতে সব কিছু দেখছে। আমরা চিকিৎক, পরিবারের সদস্য, বেঁচে যাওয়া মানুষসহ বাচ্চাদের যারা তাদের বাবা-মাকে হারিয়েছে তাদের কথা শুনছি।’