ব্রাজিল এবং অস্ট্রেলিয়ার মতো আগামী নির্বাচনে আওয়ামী লীগ পঞ্চমবারের মতো নির্বাচনে জয়ী হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন।
তফসিল ঘোষণার পর বুধবার (১৫ নভেম্বর) রাত ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনন্দ মিছিল বের করে ছাত্রলীগ। পরে রাজু ভাস্কর্যের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশ এসব কথা বলেন তিনি।
এ সময় ছাত্রলীগ সভাপতি বলেন, কোনো হুমকি কাজে আসেনি, কোনো চিঠি কাজে আসেনি। আমাদের ভাগ্য নিয়ে চিনিমিনি খেলার যতই চেষ্টা করুন না কেন বাংলার মানুষ তা কখনোই হতে দেবে না। ব্রাজিল এবং অস্ট্রেলিয়ার মতো আগামী নির্বাচনে আওয়ামী লীগ পঞ্চমবারের মতো নির্বাচনে জয়ী হবে।
তিনি বলেন, আজকে ভিডিও বার্তা দিয়ে অনেকে রাজনীতি করতে চায়। যারা ভিডিও বার্তা দিয়ে রাজনীতি করতে চায়, তাদের বলব রাজনীতি তাদের জন্য নয়। তাদের জন্য ভিডিও গেমস।
তিনি আরো বলেন, ‘স্মার্ট বাংলাদেশ’ বাংলাদেশের তারুণ্যের স্বপ্ন, আমাদের এই প্রজন্মের স্বপ্ন। গ্রাম ছাড়া রাঙামাটির পথ আর নেই। এখন আর মেঠোপথ পাওয়াই যায় না। সব জায়গায় দুই লেন, চার লেনের রাস্তা। এই ঝকঝকে দেশ, রকমারি দেশে যেখানেই তাকাই আমাদের হৃদয় জুড়িয়ে যায়।
ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলেন, বাংলাদেশ আত্মনির্ভরশীল বলেই আজকে নির্বাচন কমিশন শত বাধা উপেক্ষা করে তফসিল ঘোষণা করেছে। আমরা কোয়াটার ফাইনালে জিতে গেছি। এখন সেমিপাইনাল চলছে। আগামী ৭ তারিখ ফাইনাল খেলবে। নৌকা জিতলে দেশের মানুষ জিতে যায়। আমাদের জিততে কিছু করতে হবে না, শুধু শেখ হাসিনার উন্নয়ন মানুষের কাছে পৌঁছে দিতে হবে। আর এই কাজ করবে ছাত্রলীগ।
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন বলেন, আমরা অতীতে তফসিল ঘোষণার পরে অনেক মায়াকান্না দেখেছি। নানা ধরনের চক্রান্ত করে, দেশের সাধারণ জনগণের জানমালের ক্ষয়ক্ষতি করে, তারা নির্বাচন পেছানোর পায়তারা করে। আমরা ছাত্র সমাজ কথা দিতে চাই, বাংলাদেশের ছাত্র সমাজ সব সময় জাগ্রত রয়েছে। বাংলাদেশের বুকে কোনো ধরনের অশুভ শক্তিকে মাথা তুলতে দেব না।