বিশ্বখ্যাত ইউটিউবার Mr Beast আয়োজিত মেগা রিয়েলিটি শো Beast Games–এর সিজন ৩-এ অংশগ্রহণের দৌড়ে ফাইনালিস্ট হিসেবে জায়গা করে নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কাজী মোবারক হোসেন সাদী। আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সম্ভাবনায় ইতোমধ্যেই আলোচনায় উঠে এসেছেন তিনি।
জানা গেছে, বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিপুলসংখ্যক প্রতিযোগীর মধ্য থেকে বাছাই প্রক্রিয়া শেষে চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছেন সাদী। বাংলাদেশ থেকে প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন আরও দুইজন-কাজী মোবারক হোসেন, হামিম রহমান ও মানসুরা নাজনীন। তবে প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী, মূল পর্বে অংশ নেওয়ার সুযোগ পাবেন কেবল একজন, যিনি নির্ধারিত হবেন অনলাইন ভোটের মাধ্যমে।
কাজী সাদী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী। প্রতিযোগিতাটির বিভিন্ন পর্ব যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, ফ্রান্স ও সৌদি আরবসহ একাধিক দেশে আয়োজনের পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে তিনি যুক্তরাষ্ট্র দূতাবাসে B1/B2 ভিসার সাক্ষাৎকার সম্পন্ন করেছেন বলে জানা গেছে।
এ বিষয়ে সাদী বলেন, ‘বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার এই সুযোগ আমার জন্য গর্বের। সবার দোয়া ও সমর্থন পেলে আমি ভালো কিছু করতে পারব বলে আশা করি।’ তিনি দেশের মানুষের কাছে ভোট ও সমর্থন কামনা করেছেন, যাতে চূড়ান্তভাবে নির্বাচিত হয়ে আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করতে পারেন।
অন্যদিকে, প্রাথমিকভাবে নির্বাচিত আরেক প্রতিযোগী হামিম রহমান আন্তর্জাতিক বায়োলজি অলিম্পিয়াডে বাংলাদেশের হয়ে ব্রোঞ্জপদক অর্জন করেছেন। পাশাপাশি জনস হপকিনস ইউনিভার্সিটির গ্লোবাল হেলথ লিডার্স কনফারেন্স ও নন-ট্রিভিয়াল রিসার্চ ফেলোশিপসহ বিভিন্ন আন্তর্জাতিক প্ল্যাটফর্মে অংশ নিয়ে দেশের প্রতিনিধিত্ব করেছেন।