দেড় হাজার টমেটোগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

জমি সংক্রান্ত বিরোধের জেরে গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর গ্রামে এক কৃষকের দেড় হাজার টমেটো গাছের গোড়া কেটে দিয়েছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত কৃষক অপূর্ব বিশ্বাস ৪ বিঘা জমির মাছের ঘেরপাড়ে টমেটো চাষ করেন। গাছে থোকায় থোকায় টমেটো ঝুলছিল। বিক্রিও শুরু হয়েছে। ফলধরা অবস্থায় গাছগুলো কেটে ফেলায় তার বড় ধরনের ক্ষতি হয়েছে।

এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত অপূর্ব বিশ্বাস মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।

ক্ষেতমালিক অপূর্ব বিশ্বাস জানান, গতকাল বুধবার সকালে তিনি স্ত্রীকে নিয়ে ঘেরপাড়ের টমেটো গাছে পানি দিতে যান। সেখানে গিয়ে দেখতে পান টমেটো গাছের গোড়া কাটা।

ক্ষতিগ্রস্ত কৃষক অপূর্ব বিশ্বাস ও তার স্ত্রী লিপিকা বিশ্বাস জানান, এই টমেটো চাষের আয়ে চলে তাদের জীবন-জিবীকা।

গোপালগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাফরুজা আক্তার জানান, অপূর্বের দেড় হাজার গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এতে ওনার খুব ক্ষতি হয়েছে। আমরা প্রণোদনা হিসেবে পরে চাষাবাদের জন্য বীজ সার সরবরাহের ব্যবস্থা গ্রহণ করব।

গোপালগঞ্জ সদর থানার ওসি আনিসুর রহমান সাংবাদিকদের জানান এ ব্যাপারে কোনো অভিযোগ থানায় আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।