তথ্যমন্ত্রী বললেন

বিএনপি দুষ্কৃতকারী ও দেশের শত্রু

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি দুষ্কৃতকারী ও দেশের শত্রুতে পরিণত হয়েছে। তিনি বলেন, ‘বিএনপি এখন দুষ্কৃতকারী হয়ে গেছে, দেশের শত্রুতে পরিণত হয়েছে। কোনো দেশ যখন বহিঃশত্রুতে আক্রান্ত হয়, তখন দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় বাড়তি নিরাপত্তা দিতে হয়, আজকেও আমাদের দিতে হচ্ছে। অর্থাৎ তারা দেশের শত্রুতে রূপান্তরিত হয়েছে।’

মন্ত্রী গতকাল বুধবার দুপুরে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ‘ফিলিস্তিনে হত্যা ও ইসরায়েলি বাহিনীর অনুকরণে দেশে বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের মানববন্ধনে’ প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

সংলাপ প্রসঙ্গে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, ‘সংলাপ হতে পারে রাজনৈতিক দলের সঙ্গে। আমরা অবশ্যই আলাপ-আলোচনায় বিশ্বাসী। আমরা অবশ্যই আলাপ-আলোচনা করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। কিন্তু যারা চোর-ডাকাতের চেয়েও জঘন্য, হায়েনার চেয়েও হিংস্র, তাদের সঙ্গে সংলাপ হতে পারে না।’