সৌদি থেকে দেশে ফিরে বিমানবন্দর থেকে গ্রামের বাড়ি চাঁদপুর ফেরার পথে ডেমরায় সপরিবারে প্রবাসী এক যুবক ছিনতাইকারীর কবলে পড়েছেন। প্রবাসী ওই যুবকসহ পরিবারের চারজনকে এলোপাতাড়ি কুপিয়ে তিন ভরি স্বর্ণ ও ১৮ হাজার সৌদি রিয়াল ছিনতাই করা হয়েছে। আহতদের ঢাকা মেডিকেল ও পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল বুধবার ভোর সাড়ে ৪টার দিকে ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। আহতরা হলেন সৌদিপ্রবাসী আনোয়ার হোসেন মানিক (২৮), তার বড় বোন জান্নাতুল নাইম (৩৫), বড় বোনের স্বামী আবু তাহের (৪৫) ও ছোট বোন নুসরাত জাহান (২০)। তাদের বাড়ি চাঁদপুরের শাহরাস্তি উপজেলার শীবপুর গ্রামে।
আহত ভুক্তভোগী আনোয়ার হোসেন জানান, তিনি ৫ বছর সৌদি আরব ছিলেন। সেখানে রংমিস্ত্রির কাজ করেন। ছুটিতে গতরাতেই বাংলাদেশে আসেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। আর তাকে এগিয়ে নিতে ভগ্নিপতি আবু তাহের তার নিজ গ্রাম থেকে একটি মাইক্রোবাস ভাড়া করে সপরিবারে এসেছিলেন বিমানবন্দরে।
বিমানবন্দরের সব কাজ শেষ করে মাইক্রোবাসে করে বাড়ির উদ্দেশে রওনা হন তারা। তাদের গাড়িটি ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় আন্ডারপাস দিয়ে ইউটার্ন করার সময় অন্য একটি মাইক্রোবাস তাদের গতিরোধ করে। তখন ওই গাড়ি থেকে তিনজন ধারালো অস্ত্র হাতে নেমে এসে প্রথমে পুলিশ পরিচয় দিয়ে আনোয়ারকে বলতে থাকে, ‘গোল্ড কোথায়? আমরা পুলিশের লোক। তোর সঙ্গে গোল্ড আছে, বের করে দে।’
তখন আনোয়ার নিজের কাছে স্বর্ণ থাকার কথাটি অস্বীকার করলে ছিনতাইকারীরা তার হাতব্যাগটি ছিনিয়ে নেয়। এরপর নিজেরাই হাতব্যাগের ভেতর থেকে তিন ভরি ওজনের বিভিন্ন স্বর্ণালংকার ও ১৮ হাজার সৌদি রিয়াল নিয়ে নেয়। তারা আনোয়ারের ছোট বোন নুসরাতকে গাড়ি থেকে জোর করে নামিয়ে তার পরনে থাকা স্বর্ণালংকার খুলে নেওয়ার চেষ্টা করে।